বিশুদ্ধ পানি সরবরাহে দ্রুত ব্যবস্থা নিতে ঢাকা ওয়াসা সহ সংশ্লিষ্টদের আইনি নোটিশ

স্টাফ রিপোর্টার:  স্থানীয় সরকার ও সমবায়সচিব, ঢাকা ওয়াসার চেয়ারম্যান, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্পগবেষণা প্রতিষ্ঠান (বিসিএসআইআর) ও বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) চেয়ারম্যানের প্রতি বিশুদ্ধ পানি সরবরাহে কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে—তা লিখিতভাবে জানাতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে গত ৩রা মার্চ । মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে আইনজীবী মনজিল মোরশেদ গত ৩রা মার্চ  ইমেইল যোগে আমারহেলথ কে  এ নোটিশ পাঠান। নোটিশে ঢাকায় বসবাসরত মানুষের জন্য দুর্গন্ধ ও জীবাণুমুক্ত বিশুদ্ধ পানি সরবরাহে দ্রুত কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে—তা ৭২ ঘণ্টার মধ্যে চারজনকে লিখিতভাবে জানাতে বলা হয়েছে। অন্যথায় বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। 

নোটিশে সংবাদমাধ্যমের বরাত দিয়ে বলা হয় প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, শতভাগ পরিশোধন না করে সরবরাহ করা ওয়াসার পানি পানের অনুপযোগী। শত শত মানুষ অশোধিত পানি পান করে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, ছড়িয়ে পড়ছে রোগব্যাধি। নোটিশে বলা হয়,  ঢাকা মহানগরে বসবাসরত লাখ লাখ মানুষের জীবনধারণের জন্য প্রয়োজনীয় পানি সরবরাহের দায়িত্ব ঢাকা ওয়াসার। সম্প্রতি ঢাকা ওয়াসা যে পানি সরবরাহ করছে, তা দুর্গন্ধযুক্ত ও পানের অনুপযোগী।