
আমারহেলথ (০৬ সেপ্টেম্বর, বুধবার): মিনারেল ওয়াটারের নামে নগরীতে দূষিত পানি বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান শুরু করেছে বিএসটিআই। ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল আমীনের নেতৃত্বে বুধবার ভোর থেকে মতিঝিল ও এর আশপাশ এলাকায় অভিযান শুরু হয়। অভিযানে ২৮ কোম্পানির প্রায় সাড়ে ৪শ পানির জার আটক করা হয়।
পরে নটরডেম কলেজের সামনে অবস্থিত পুলিশ চেকপোস্টে পানি পরীক্ষা-নিরীক্ষা করা হয়। লাইসেন্সবিহীন দূষিত খাবার পানি বাজারজাতের দায়ে ভ্রাম্যমাণ আদালত ২৫ কোম্পানির কাছ থেকে ৬ লাখ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করে। এ সময় এসব কোম্পানির বিরুদ্ধে মামলাও করা হয়। তবে পানির মান ঠিক থাকায় আটক আলপাইন ও টিভিএসসহ তিন কোম্পানিকে ছেড়ে দেয় ভ্রাম্যমাণ আদালত।
র্যাবের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে বিএসটিআই-এর পরিচালক (সিএম) মোহাম্মদ লুৎফুর রহমান, সহকারী পরিচালক কেএম হানিফ, ফিল্ড অফিসার আবু সাইদ অংশ নেন।
জানা গেছে, ভোর সাড়ে ৬টা থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিএসটিআইর প্রতিনিধি দল অভিযান শুরু করে। সকাল সাড়ে ১১টার মধ্যে তারা ২৮ কোম্পানির প্রায় সাড়ে ৪শ পানির জারসহ ৮টি পিকআপ ও ভ্যান গাড়ি আটক করে।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন শীর্ষ নিউজকে জানান, ২৫ কোম্পানির পানিতে পিএইচ মান বেশি রয়েছে।
বিএসটিআই পরিচালক (সিএম) লুৎফুর রহমান খান জানান, একটি সংঘবদ্ধ চক্র লাইসেন্সপ্রাপ্তদের নামে-বেনামে এবং লাইসেন্স ছাড়াই পানি বোতলজাত করে অবৈধভাবে বাজারজাত করে আসছিল। তাই এ অভিযান চালানো হচ্ছে। |