প্রাকৃতিক দুযোর্গ ঘটিত দুর্ঘটনা বাড়ছে পৃথিবীতে। এর অন্যতম শিকার হচ্ছে বাংলাদেশে। কিন্তু নগরের বিভিন্ন অপরিকল্পনা এই সমস্যাকে বাড়িয়ে দিতে পারে। তাই ভূমিকম্প, জলোচ্ছ্বাস সহ যাবতীয় দুর্যোগ মোকাবেলায় দরকার সুষ্ঠ নগর পরিকল্পনা।
বাংলাদেশ সফররত জাতিসংঘের সহকারী মহাসচিব আনা তিবাইজুকা সোমবার রাজধানীর আবাসন পরিকল্পনা সম্পর্কে এ কথা বলেন। মহাখালীর কড়াইল বস্তি ঘুরে তিনি সাংবদিকদের কাছে ব্রিফিং করেন।
ঢাকার মহানগরীতে বস্তির অবস্থান ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিকল্প আবাসনের বিষয়ে তিবাইজুকা বলেন, বস্তি উচ্ছেদ কোনো সমাধান নয়। জাতিসংঘ এ ধরনের পদক্ষেপ সমর্থন করে না। তবে বস্তির লোকজনের জন্য বিকল্প আবাসনের সময় তাদের ঢাকার বাইরে পাঠালেই সমস্যার সমাধান হবে না।
তিনি বলেন, বস্তির লোকজনের আবাসন সমস্যার সমাধান করতে হলে প্রথমেই দরকার তাদের নিয়ে আলোচনায় বসা। এতে সমস্যার ব্যাপারে তাদের ভাবনা স্পষ্ট হবে। সার্বিকভাবে রাজনৈতিক সদিচ্ছা থাকলে এই সমস্যার সমাধান সম্ভব। সর্বোপরি ঢাকার নগর পরিকল্পনায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার বিষয়টিতে বিশেষ গুরুত্ব দিতে হবে।
তিবাইজুকা আরো বলেন, এসব বিষয়ে বাংলাদেশকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সব সময় তৈরি আছে জাতিসংঘ।
|