জলবায়ু হুমকি মোকাবেলায় প্রধানমন্ত্রীর হিমালয় পরিষদ গঠনের প্রস্তাব আইলা দুর্গতদের সাহায্যের আহ্বান জাতিসংঘের মাত্রাতিরিক্ত নদী দূষণের শিকার ঢাকার অন্তত চারটি নদী

রাজধানীর পয়:নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে ৮৩ কোটি ৮৯ লক্ষ টাকার প্রকল্প

আমারহেলথ (২০জুলাই, মঙ্গলবার): রাজধানী ঢাকার পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে ৮৩ কোটি ৮৯ লক্ষ টাকার নতুন প্রকল্পের কাজ শুরু করতে যাচ্ছে ওয়াসা। 
প্রকল্পটি অনুমোদনের জন্য আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে উত্থাপন হতে পারে বলে পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে। 
অন্তর্বর্তীকালীন এ জরুরি স্যুয়ারেজ নির্মাণ ও পুনর্বাসন প্রকল্প-২ এর আওতায় নতুনভাবে আরো ২১.৩০ কিলোমিটার স্যুয়ারেজ লাইন নির্মাণ করা হবে। এছাড়াও ৩৭.২৫ কিলোমিটার লাইন পুননির্মাণ করা হবে। এ প্রকল্প বাস্তবায়ন হলে যত্রতত্র স্যুয়ারেজ লাইন বিকলের ফলে সৃষ্ট পরিবেশ দূষণ কমিয়ে আনা সম্ভব বলে দাবি করছে ওয়াসা। 
জানা গেছে, প্রকল্পের আওতায় মহানগরীর মোহাম্মদপুর, মগবাজার, নারিন্দা, গ্রিন রোড, কাটাশুরসহ অন্তত ২০টি স্থানে স্যুয়ারেজ লাইনের কাজ করবে ওয়াসা। প্রকল্পের কাজ শেষ হবে ২০১২ সালের ডিসেম্বরের মধ্যে। প্রকল্পের অধীনে ৬টি স্যুয়ারেজ পাম্প স্থাপনসহ ১টি পাম্প পুনঃস্থাপন করা হবে।
সূত্রমতে, বিশ্ব ব্যাংকের অর্থায়নে ঢাকার মাস্টার প্ল্যান বাস্তবায়নে সময় লাগবে আরো ২ থেকে ৩ বছর। এ মাস্টার প্ল্যান শেষ হওয়ার আগে অন্তর্বর্তীকালীন সময়ে স্যুয়ারেজ ব্যবস্থার উন্নয়নে এ প্রকল্প হাতে নিয়েছে ওয়াসা।