আমারহেলথ (৩১জুলাই, শনিবার): সংবিধানে স্বাস্থ্য ও বসবাসযোগ্য পরিবেশকে মানবাধিকার হিসাবে স্বীকৃতি প্রদান করা প্রয়োজন। স্বাস্থ্যসেবার বানিজ্যিকিকরণের পাশাপাশি পরিবেশ ধ্বংসের কারণে জনগণ শারিরীক, মানসিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। জনগনের অধিকারকে সংরক্ষিত করতে সংবিধানে স্বাস্থ্য ও বসবাসযোগ্য পরিবেশকে মানবাধিকার হিসাবে স্বীকৃতি প্রদান করা খুবই জরুরী।
শুক্রবার ধানমন্ডির উইংস সেন্টারে ডাব্লিউবিবি ট্রাস্ট কর্তৃক আয়োজিত স্বাস্থ্য অধিকার ও বসবাসোপযোগী পরিবেশ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় বক্তারা উপরোক্ত অভিমত ব্যক্ত করেন।
কর্মশালায় আলোচনা করেন ডাব্লিউবিবি ট্রাস্ট এর নির্বাহী পরিচালক সাইফুদ্দিন আহমেদ, স্কোপ এর নির্বাহী পরিচালক কাজী এনায়েত হোসেন, সিরাক বাংলাদেশ এর নির্বাহী পরিচালক ব্যারিষ্টার এস এম সৈকত প্রমুখ।
কর্মশালায় বক্তারা বলেন, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করা না গেলে রোগ বৃদ্ধি হ্রাস করা সম্ভব নয়। স্বাস্থ্যনীতিতে মানুষকে সুস্থ্য রাখার প্রতি নজর দেয়ার সাথে রোগপ্রতিরোধ ব্যবস্থাকে অগ্রাধিকার দেয়া দরকার।
বক্তারা আরো বলেন, স্বাস্থ্য কোন পণ্য নয়, এটি অধিকার। এ অধিকার নিশ্চিত করা না গেলে জনস্বাস্থ্যের উন্নয়ন সম্ভব নয়। দিনব্যাপী এ কর্মশালায় বাংলাদেশের ৪২ টি জেলার ৫০টি বেসরকারি সংগঠন অংশগ্রহণ করে।
|