৩ মে (আমারহেলথ): দক্ষিন এশিয়ায় জলবায়ু পরিবর্তনজনিত ক্রমবর্ধমান ঝুঁকির মোকাবিলায় হিমালয় পরিষদ নামে দক্ষিণ এশীয় আন্তঃসরকার সংক্রান্ত একটি ফোরাম গঠনের প্রস্তাব করেছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের দুই দিনব্যাপী ষোড়শ সম্মেলন তিনি এ প্রস্তাব রাখেন। এছাড়া তিনি আঞ্চলিক বিদ্যুৎ গ্রিড স্থাপনেরও প্রস্তাব দেন।
২৮ এপ্রিল থিম্পুর স্থানীয় সময় দুপুর ২টায় স্বাগতিক ভুটানের প্রধানমন্ত্রী লিয়ন চোয়েন জিগমে ওয়াই থিনলে ষোড়শ সার্ক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অপর ৭টি দেশের শীর্ষ নেতারা বিশেষ পাহারায় সার্ক ভিলেজ থেকে সম্মেলন হলে পৌঁছলে ভুটানের ঐতিহ্যবাহী নাচ-গানে তাদের অভ্যর্থনা জানানো হয়। এ সময় সম্মেলনস্থলের বাইরে দাঁড়িয়ে ভুটানের প্রধানমন্ত্রী শীর্ষ নেতাদের স্বাগত জানান।
সন্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিশ্ব উষ্ণতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের কারণে ইতোমধ্যেই হিমালয়ের হিমবাহ গলে যাওয়া, সমুদ্রস্তর বৃদ্ধি পাওয়া, অস্বাভাবিক ঝড়, ভূমিক্ষয়, মরুয়ান ও লবণাক্ততাসহ এ অঞ্চলের দেশগুলো বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাই তিনি আঞ্চলিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ জরুরি উল্লেখ করে এ অঞ্চলের জলবায়ু পরিবর্তনের শিকার দেশগুলোর সহায়তায় আর্টিক পরিষদের আদলে হিমালয় পরিষদ গঠনের জন্য সার্কভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানান। কোপেনহেগেনে সিওপি-১৫ বৈঠকের কয়েক মাস পর সার্কের দুই দিনের এই শীর্ষ সম্মেলনে সার্ক নেতারা কনভেনশন অন কো-অপারেশন অন এনভায়রনমেন্ট চুক্তির প্রেক্ষাপটে বাংলাদেশ এই প্রস্তাব করেছে।
শেখ হাসিনা বলেন, ঘন ঘন ঘূর্ণিঝড় ও বন্যাসহ ভূ-কাঠামোর বিরূপ পরিবর্তনের কারণে আমাদের অর্থনৈতিক অগ্রগতি, দারিদ্র্য বিমোচন প্রচেষ্টা এবং সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা বাধাগ্রস্থ হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় আঞ্চলিক ও বৈশ্বিক- উভয় পর্যায়ে সামগ্রিক উদ্যোগ জরুরি। এছাড়া নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনাকে কাজে লাগিয়ে দক্ষিণ এশিয়ায় একটি আঞ্চলিক বিদ্যুৎ গ্রিড প্রতিষ্ঠার জন্য সার্ক সম্মেলনে প্রস্তাব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে সার্কের ৮টি সদস্য দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং সন্ত্রাস মোকাবেলার পাশাপাশি সবুজ সুখী দক্ষিণ এশিয়া গঠন এবং বাণিজ্য, জ্বালানি ও কানেক্টিভিটি গড়ে তুলতে একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
|