
আমারহেলথ (২৮ ডিসেম্বর, মঙ্গলবার): রাষ্ট্রপতি মো: জিল্লুর রহমান পরিবেশ বিপর্যয়রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে জীবন ও সম্পদের ক্ষতি সর্বনিম্ন রাখতে গবেষণারও আহবান জানিয়েছেন তিনি।
২৮ ডিসেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তনে প্রধান অতিথির বক্তৃতায় রাষ্ট্রপতি এ আহবান জানান।
সকাল ১১ টায় সমাবর্তন র্যালির মধ্য দিয়ে সমাবর্তনের আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন প্রো-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। সমাবর্তন বক্তা ছিলেন অধ্যাপক কবীর চৌধুরী। বক্তব্য দেন প্রধানমন্ত্রীর শিক্ষা, সামাজিক ও রাজনীতি বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. আলাউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান বলেন, ‘ বৈশ্বিক জলবায়ুর নেতিবাচক প্রভাব আজ আমাদের ভাবিয়ে তুলেছে। ‘সিডর’ বা ‘আইলা’র মতো প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস জীবন, সম্পদ ও পরিবেশকে মারাত্মক হুমকির মুখে ঠেলে দিয়েছে। সুন্দরবন আজ বিপন্ন। ‘আইলা’য় ক্ষতিগ্রস্ত মানুষ আজো বাস্তুহারা। পানীয় জলের অভাব এবং লবণাক্ততা এ এলাকার মানুষের নিত্যসঙ্গী। আমরা হয়তো প্রকৃতিকে বশ করতে পারবো না। তবে পরিবেশের বিপর্যয়রোধে আমাদের কাজ করে যেতে হবে।’
তিনি আরও বলেন, ‘উপকূলীয় লবণাক্ততা ও পরিবেশ সহিষ্ণু প্রযুক্তি আমাদের উদ্ভাবন করতে হবে, যাতে আমরা পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলতে পারি। বিশ্ব উষ্ণায়নের নেতিবাচক প্রভাব এবং উপকূলীয় প্রাকৃতিক দুর্যোগে মূল্যবান জীবন ও সম্পদের ক্ষতির পরিমান কিভাবে সর্বনিম্ন পর্যায়ে রাখা যায় তা নিয়ে গবেষণা করতে হবে যা বিশ্ববাসীর অনুকরণীয় হতে পারে। খুলনা বিশ্ববিদ্যালয়ের তরুণ গবেষকগণ এ বিষয়ে এগিয়ে আসবেন বলে আমার বিশ্বাস।’
দক্ষ মানব সম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।
তিনি তার বক্তব্যে আরও বলেন, বর্তমান বিশ্বে মুক্তবাজার অর্থনীতি এবং তথ্যপ্রযুক্তির অভাবনীয় বিকাশ ঘটায় আমাদের মতো পিছিয়ে পড়া দেশগুলোকে তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হতে হচ্ছে। এ প্রতিযোগিতায় টিকে থাকতে তথ্যপ্রযুক্তি নির্ভর দক্ষমানব সম্পদের বিকল্প নেই। এ গভীর উপলব্ধি থেকে ‘ভিশন ২০২১’ ঘোষণা করা হয়েছে।
শিক্ষাক্ষেত্রে অসাধারণ কৃতিত্বের জন্যে ২০ জন কৃতি গ্রাজুয়েটকে স্বর্ণপদক এবং খুলনা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম দু’জনকে আনুষ্ঠানিকভাবে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়। |