
আমারহেলথ (২৮ সেপ্টেম্বর, মঙ্গলবার): পাহাড় কাটা, ঝুঁকিপূর্ণ বর্জ্য উৎপাদন, জলাধর ভরাট এবং জাহাজ ভাঙার কারণে পরিবেশ দূষণ হলে ২ বছর থেকে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড ও ১ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রেখে জাতীয় সংসদে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ (সংশোধন) বিল-২০১০ পাস হয়েছে।
সোমবার পরিবেশ প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠ ভোটে পাস হয়। বিলে শিল্প প্রতিষ্ঠান স্থাপনে পরিবেশ ছাড়পত্র বাধ্যতামূলক এবং পরিবেশ দূষণের ফলে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে মামলা করার বিধান রাখা হয়েছে। এছাড়া জলাধার, ঝুঁকিপূর্ণ বর্জ্য, পাহাড়, টিলা এবং প্রতিবেশগত সংঙ্কটাপন্ন এলাকার সংজ্ঞা সংযুক্তসহ পাহাড় কাটা, ঝুকিপূর্ণ বর্জ্য উৎপাদন ও ব্যবস্থাপনা সংক্রান্ত, জাহাজ কাটা ও ভাঙার কারণে পরিবেশ দূষণ এবং জলাধার সংক্রান্ত বাধা নিষেধের বিধান যুক্ত করা হয়েছে।
পরিবেশ সংরক্ষণ (সংশোধন) বিল-২০১০ এ বিভিন্ন পরিবেশ সম্পর্কিত আইন ভঙ্গের দায়ে বিভিন্ন মেয়াদে শাস্তির বিধান করা হয়েছে। এছাড়া সরকার ইচ্ছা করলে পরিবেশ অবক্ষয়ের কারণে কোন এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করতে পারবে। এমন সংকটাপন্ন এলাকার উন্নয়নে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে। প্রস্তাবিত বিলে আইন লংঘনের ফলে কোন ব্যক্তি, গোষ্ঠী, জনগণ ক্ষতিগ্রস্ত হলে, উক্ত ব্যক্তি, গোষ্ঠী, ক্ষতিগ্রস্ত জনগণ অথবা তাদের পক্ষে মহাপরিচালক ক্ষতিপূরণের দাবিতে মামলা করতে পারবেন। আর কোন অপরাধ সংগঠনের যন্ত্রপাতি বা তার অংশ বিশেষ, যানবাহন বা অপরাধ সংশ্লিষ্ট পণ্যসামগ্রী বাজেয়াপ্ত অথবা বিনষ্টের জন্যও আদালত আদেশ দিতে পারবে। বিলে সকল শিল্প প্রতিষ্ঠানে এক বছরের মধ্যে পরিবেশ ছাড়পত্র গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্প সম্প্রসারণেও পরিবেশ ছাড়পত্র নিতে হবে।
|