
আমারহেলথ ডেস্ক: দেশের বৃহত্তম হাওর হাকালুকিতে পরিযায়ী পাখির সংখ্যা গত বছরের চেয়ে ১৫ হাজার বেড়ে প্রায় ৬৫ হাজারে দাঁড়িয়েছে। পাওয়া গেছে চার প্রজাতির বিরল পাখির সন্ধানও।
গত শনি ও রবিবার দুই দিনব্যাপী অষ্টমবারের মতো অনুষ্ঠিত জলচর পাখি শুমারিতে এ তথ্য পাওয়া যায়। সমন্বিত সংরক্ষিত এলাকাসহ ব্যবস্থাপনা কমিটির (আইপ্যাক) উদ্যোগে বাংলাদেশ বার্ড ক্লাবের সহযোগিতায় হাকালুকি হাওরের ২১টি বিলে পাখি শুমারি করা হয়। এতে অংশ নেওয়া এনজিও সংস্থা কারিনামের প্রতিনিধি বশির আহমদ জানান, গত বছরের শুমারিতে প্রায় ৫০ হাজার পাখির সন্ধান পাওয়া গিয়েছিল। এবারের জলচর পাখি শুমারিতে ৬১টি প্রজাতির ৬৪ হাজার ২৮২টি পরিযায়ী পাখি পাওয়া গেছে।
বিশিষ্ট পাখি বিশেষজ্ঞ ও বাংলাদেশ বার্ড ক্লাবের সভাপতি ড. ইনাম আল হক জানান, এবারের জলচর পাখি শুমারিতে ধলা কপাল ছোট রাজহাঁস নামের বিরল প্রজাতির একটি পাখি দেখা গেছে। শীতপ্রবণ এলাকা থেকে এ প্রজাতির পাখির আগমন এ দেশে প্রথম। এ ছাড়া তিন ধরনের বিরল প্রজাতির ১১টি উত্তুরে টিটি, ছয়টি লাল নুড়ি বাটান ও ১৩টি ধূসর পা রাজহাঁস পাখির দেখা মিলেছে। |