জলবায়ু হুমকি মোকাবেলায় প্রধানমন্ত্রীর হিমালয় পরিষদ গঠনের প্রস্তাব আইলা দুর্গতদের সাহায্যের আহ্বান জাতিসংঘের মাত্রাতিরিক্ত নদী দূষণের শিকার ঢাকার অন্তত চারটি নদী

জলবায়ু তহবিল ব্যয় তদারকিতে সংসদীয় উপকমিটি গঠন

এইচ এম দিদার: জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় বরাদ্দ করা ৪০০ কোটি টাকার প্রকল্পের স্বচ্ছতা ও নিয়মমাফিক ব্যয় তদারকিতে সংসদীয় উপকমিটি গঠন করা হয়েছে। সরকারদলীয় সাংসদ একাব্বর হোসেনকে আহ্বায়ক করে গঠিত এ কমিটির অপর সদস্যরা হলেন: সোহরাব আলী, মনোরঞ্জন শীল, গোলাম সবুর ও গিয়াসউদ্দিন আহমদ।

গত ৩রা মার্চ জাতীয় সংসদ ভবনে বন ও পরিবেশ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে ‘মিডিয়া সেন্টারে’ সাংবাদিকদের এক ব্রিফিংয়ে কমিটির সভাপতি আবদুল মোমিন তালুকদার এ তথ্য জানান। সভায় এ উপকমিটি গঠন ছাড়াও দেশের পরিবেশ-পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। কমিটির সভাপতি আবদুল মোমিন তালুকদারের সভাপতিত্বে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

কমিটির সভাপতি বলেন, এ খাতে পাওয়া অর্থ দেশের কোন এলাকায় কীভাবে ব্যয় করছে, তা তদারকি করতেই এ উপকমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি আগামী দুই মাসের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন মূল কমিটিতে হস্তান্তর করবে।

জলবায়ু পরিবর্তনজনিত কারণে বিশ্বব্যাপী প্রাকৃতিক বিপর্যয়ের কথা উল্লেখ করে আবদুল মোমিন তালুকদার বলেন, এ সংকট থেকে উত্তরণে ৪০০ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ বরাদ্দ করা টাকার মধ্যে ৩০০ কোটি টাকা সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন ব্যয় করা হবে। বাকি অর্থ দেশের স্বীকৃত এনজিওগুলোর মাধ্যমে ব্যয় করা হবে।

তিনি জানান, এনজিওগুলোর অনুকূলে বরাদ্দ দেওয়া ১০০ কোটি টাকার প্রকল্পের কাজ পেতে দেশের প্রায় পাঁচ হাজার এনজিও আবেদন করেছে। কমিটির পক্ষ থেকে বলেছি, আবেদনপত্র যাচাই-বাছাই করার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে হবে, যাতে অখ্যাত কোনো এনজিও কাজ না পায়।