
আমারহেলথ (০৩ ফেব্রুয়ারী, বৃহস্পতিবার): মাছের প্রাকৃতিক উৎস সুনামগঞ্জের টাঙ্গুয়া হাওরসহ দেশের জলাভূমি ও হাওরগুলো রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ বিশেষজ্ঞরা।
তারা বলেছেন, সমাজভিত্তিক সহব্যবস্থাপনার মাধ্যমে এসব জলাভূমি রক্ষা ও ব্যবহার করে দেশ ও দেশের দরিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। একই সঙ্গে নিরসন করা সম্ভব ভূ-উপরিস্থ পানির সংকটও। বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘বনের জন্য পানি ও জলাভূমি’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মোহাম্মদ নাসিরউদ্দিন বলেন, ‘হাওরগুলো আমাদের প্রাকৃতিক মাছের আধার। কিন্তু অবৈধ ব্যবহারকারী ও দখলদাররা এগুলোকে ঝুঁকির মধ্যে ফেলছে। এ অবস্থায় চললে মাছের আধার নষ্ট হয়ে যাবে। তাই জাতীয় অর্থনীতির স্বার্থেই আমাদের এগুলো রক্ষা করতে হবে।’ পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের (এসডিসি) সহায়তায় ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব ন্যাচার (আইইউসিএন) এ আলোচনা সভা আয়োজন করে। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন আইইউসিএন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. নিয়াজ আহমেদ খান, সমাজভিত্তিক ব্যবস্থাপনার মাধ্যমে
টাঙ্গুয়া হাওর উন্নয়ন প্রকল্পের বিশেষজ্ঞ এ এফ এম রেজাউল করিম, টাঙ্গুয়া হাওর উন্নয়ন সংস্থার সভাপতি গোলাম নূর প্রমুখ।
|