
আমারহেলথ (০৯ ফেব্র্রুয়ারী, বুধবার): পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীনে ক্লাইমেট চেঞ্জ সংক্রান্ত পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠা করবে সরকার। বুধবার জলবায়ু পরিবর্তন বিষয়ক ট্রাস্টি বোর্ডের ৯ম সভায় এ অধিদপ্তর প্রতিষ্ঠার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সভা কক্ষে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। আজকের সভায় পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীনে ক্লাইমেট চেঞ্জ নামে পৃথক অধিদপ্তরসহ নতুন ৫টি প্রকল্প নীতিগতভাবে এবং ৩৩টি প্রকল্পের সংশোধনী চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।
এ সময় কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী এনামুল হক, অর্থ সচিব ড. মুহাম্মদ তারেক, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মেজবাউদ্দিন আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের জানান, প্রথমে জলবায়ু পরিবর্তন বিষয়ক অধিদপ্তর একটি প্রকল্প আকারে শুরু করা হবে। এ জন্য ৩ কোটি টাকা বরাদ্দ দেয়া হবে। সরকারের নিয়ম-নীতি মেনে অধিদপ্তরটি চালু করতে ৬ থেকে ৭ মাস লাগতে পারে বলে মন্ত্রী জানান। অন্যদিকে বর্তমানের ক্লাইমেট চেঞ্জ ইউনিটটির প্রকল্পের মেয়াদ এ বছরের ডিসেম্বরে শেষ হবে। এরপর এ ইউনিটকে অধিদপ্তরে অন্তর্ভুক্ত করা হবে। অধিদপ্তরের নাম এখনো চূড়ান্ত হয়নি বলে মনী্ত্র সাংবাদিকদের জানান।
বৈঠকে নীতিগত অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো বাংলাদেশ শিল্প গবেষণা পরিষদের বায়োগ্যাস ও উন্নত চুলা সমপ্রসারণের মাধ্যমে কার্বন নিঃসরণ হ্রাস ও বিকল্প জ্বালানী ব্যবহার বৃদ্ধিকরণ প্রকল্প, বাংলাদেশ পাটকল কর্পোরেশন এর আওতাধীন কর্ণফুলী জুট মিলস লিঃ ও ফোরাত কর্ণফুলী কার্পেট ফ্যাক্টরীর পরিবেশ বান্ধব পাটপণ্য উৎপাদনে ২টি প্রকল্প। এ দুটি প্রকল্পে যথাক্রমে ১৯ দশমিক ৯৮ কোটি ও ১৫ দশমিক ৭০ কোটি টাকা দেয়া হবে। এছাড়া জলবায়ু প্রভাব নিরুপণ ও পরিবীক্ষণ কার্যক্রম জোরদার করতে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় গবেষণাগার সমপ্রসারণ ও আধুনিকরণ ও আর্মি হেড কোর্য়াটারে সোলার প্যানেল প্রতিষ্ঠা প্রকল্পও অনুমোদিত হয়েছে।
জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট ফান্ডের জন্য ২০০৯-১০ অর্থ বছরে ৭০০ কোটি এবং ২০১০-১১ অর্থ বছরে ৭০০ কোটি টাকাসহ মোট ১৪০০ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়। এ পর্যন্ত ৪৮৭ কোটি ৯৪ লক্ষ ৫১ হাজার ৩০০ টাকার প্রাক্কলিত ব্যয় সম্বলিত ৪৪টি সরকারি প্রকল্প চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে। ২১ কোটি ২২ লক্ষ টাকার প্রাক্কলিত ব্যয় সম্বলিত সরকারি প্রতিষ্ঠানের ১টি প্রকল্প এবং ২১ কোটি ৩৪ লক্ষ টাকা প্রাক্কলিত ব্যয় সম্বলিত বেসরকারি প্রতিষ্ঠানের ৫৩টি প্রকল্প প্রস্তাবের নীতিগত অনুমোদন প্রদান করা হয়েছে। এ ৫৩টি প্রকল্পের মধ্যে আজ ৩৩টির চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। |