২৮ এপ্রিল, আমার হেলথ: রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে জারজাত পানির অবৈধ কারখানা গড়ে উঠেছে। প্রসাশনের চোঁখে ফাঁকি দিয়ে এসব কারখানা যথাযথ মান ছাড়াই পানি বাজারজাত করছে। চলতি এপ্রিল মাসে ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেট আদালত এরকম ৪ টি কারখানা জরিমানাসহ সিলগালা করেছে। এছাড়া গত ৯ মাসে ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেট আদালত এরকম আরও ৭টি প্রতিষ্ঠানকে জরিমানাসহ সিলগালা করেছে। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) সূত্রে এসব তথ্য জানা যায়।
এছাড়া জারজাত পানি তৈরির কারখানা বিএসটিআই কতৃক নির্ধারিত নিয়মাবলী অনুসরন না করায় বিভিন্ন কোম্পানিকে জরিমানা করা হয়েছে। গত ৯ মাসে ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেট আদালত এরকম ৪৪টি প্রতিষ্ঠানকে ২৫ লক্ষ টাকা জরিমানা করেছে। বিএসটিআই’এর পরিদর্শক দল নিয়ে ভ্রাম্যমান ম্যাজিট্রেট আদালত প্রতি সপ্তাহে দুইবার গোপন তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালান।
বিএসটিআই’এর ম্যাজিস্ট্রেট আল-আমীন নেতৃত্বে অভিযান চালিয়ে গত ২৭ এপ্রিল বাসাবোর পশ্চিম রাজারবাগে ৯/১ডি’তে নিপুন এন্ড ক্লাসিক বাংলাদেশ নামক প্রতিষ্ঠানকে বিএসটিআই সার্টিফিকেশন মাকর্স উইং (সিএম) লাইসেন্স গ্রহন না করে জারজাত পানি উৎপাদন, বিক্রয় ও বিতরন করায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এর আগে গত ১২ এপ্রিল খিলগাঁওয়ে আবে-কাওসার ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা সহ সিলগালা করা হয়। এছাড়া ৮ এপ্রিল ফুলবাড়িয়ার সিদ্দিক বাজারে ১৭২/এ এবং ১৮১/এ দুটি জারজাত পানি তৈরির কারখানা ৫০ হাজার টাকা জরিমানাসহ সিলগালা করা হয়।
বিএসটিআই সিএম এর পরিচালক লুৎফুর রহমান আমার হেলথকে বলেন, আমাদের প্রাতিষ্ঠানিক কাজের অংশ হিসেবে ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে বৈধ প্রতিষ্ঠানগুলোর নিয়মিত মান যাচাই এবং অবৈধ প্রতিষ্ঠান খুজে রের করা হয় এবং অবস্থার আলোকে জরিমানা ও সিলগালা করে দেয়া হয়।
|