জলবায়ু হুমকি মোকাবেলায় প্রধানমন্ত্রীর হিমালয় পরিষদ গঠনের প্রস্তাব আইলা দুর্গতদের সাহায্যের আহ্বান জাতিসংঘের মাত্রাতিরিক্ত নদী দূষণের শিকার ঢাকার অন্তত চারটি নদী

নিম্নমানের জারে দামি কোম্পানির স্টিকার লাগিয়ে পানি বিক্রি!

আমার হেলথ  (২২ জুলাই, বৃহসপতিবার): নিম্নমানের পানির জারে বিখ্যাত প্রতিষ্ঠানের স্টিকার লাগিয়ে বেশি দামে বাজারজাত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত এক ব্যক্তিকে চার মাসের কারাদণ্ড দিয়েছেন। ২১ জুলাই বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালত রাজধানীর ইস্কাটন গার্ডেন এলাকায় অভিযান চালিয়ে আশরাফ হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেন। তিনি বিএসটিআইয়ের অনুমোদনবিহীন নিম্নমানের পানি অল্প দামে কিনে নামীদামি প্রতিষ্ঠানের স্টিকার লাগিয়ে বেশি দামে বাজারজাত করে আসছিলেন।
আশরাফ আদালতকে বলেন, তিনি নিউ সার্কুলার রোড থেকে প্রতি জার পানি ১০ টাকায় কিনে তাতে বিখ্যাত কোম্পানির স্টিকার লাগিয়ে ৩০ টাকায় বিভিন্ন দোকান, অফিস ও অভিজাত এলাকার বাসাবাড়িতে সরবরাহ করে আসছিলেন। আদালত ওই ব্যক্তিকে চার মাসের কারাদণ্ড প্রদান করেন।

পরে আদালত আশরাফ হোসেনকে সঙ্গে নিয়ে রাজারবাগ এলাকার ৫ নম্বর আউটার সার্কুলার রোডের নিলগিরি নামে সুপেয় পানি তৈরির কারখানায় অভিযান চালান। প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই সুপেয় পানি উৎপাদন ও বাজারজাত করে আসছিল। এ ছাড়া ওই প্রতিষ্ঠানটি বিভিন্ন কোম্পানির স্টিকার ব্যবহার করে আসছিল বলে আদালত প্রমাণ পান। এই অপরাধে আদালত প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেন এবং কারখানাটি সিলগালা করেন।