
আমারহেলথ (৫মার্চ, শনিবার): চট্টগ্রামে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটে এই প্রথম গ্রীন হাউস উদ্বোধন হয়েছে। পরিবেশ ও বন প্রতিমন্ত্রী ড. হাসান মাহমুদ শুক্রবার দুপুরে গ্রীন হাউসের উদ্বোধন করেন। এর আগে তিনি ইনস্টিটিউট মিলনায়তনে বিভিন্ন গবেষক এবং ঐ প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় তিনি প্রতিষ্ঠানের শূন্য পদগুলো পূরণের আশ্বাস দেন। এছাড়াও এ ইনস্টিটিউটে একটি জলবায়ু পরিবর্তন বিষয়ক গবেষণাগার স্থাপনের ঘোষণা দিয়েছেন। এ সময় বন গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মোখলেছুর রহমানও উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ১৯৫৫ সাল থেকে এ ইনস্টিটিউট কাজ করে আসছে। দীর্ঘ ৫৬ বছরের এ সময়ে এ আঙ্গিনায় গড়ে উঠেছে বন বিষয়ক বিভিন্ন গবেষণাগার। এছাড়াও সিমেন্ট ও কাঠের গুঁড়ি দিয়ে পার্টিকেল বোর্ড নির্মাণসহ বিভিন্ন প্রজাতির বাঁশ ও গাছের ওপর গবেষণা অব্যাহত আছে।
বন ও পরিবেশ প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, এটি একটি পরিপূর্ণ ইনস্টিটিউট। উদ্ভাবন, প্রয়োগ ও গবেষণার অন্যতম স্থান হিসেবে এটি পরিচিত। এ ইনস্টিটিউটের গবেষক ও কর্মকর্তারা গুরম্নত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। পরিবেশ রক্ষায় এ বিভাগ গুরম্নত্ব দিয়েছে। সিমেন্ট বন্ডেড পার্টিকেল বোর্ড উদ্ভাবন করায় তিনি গবেষকদের ধন্যবাদ জানান। পাশাপাশি এ ধরনের বোর্ড বাজারজাতকরণে নানা পদক্ষেপের কথাও জানান। বাণিজ্যিক ভিত্তিতে এ বোর্ড নির্মাণ করা গেলে বৈপ্লবিক পরিবর্তন আসবে। তিনি আরও বলেন, পরিবেশ অধিদফতরে ১২ কোটি টাকা ব্যয়ে একটি ল্যাবরেটরী বসানো হচ্ছে। এ ল্যাবটেরীর মাধ্যমে রফতানিযোগ্য চিংড়ির পরীক্ষা-নিরীক্ষাসহ অল্প সময়ে পরিবেশবান্ধব অনেক কিছুই পরীক্ষণ সম্ভব হবে। |