
আমারহেলথ (২৭ অক্টোবর, বুধবার): জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণে এবং এর অভিঘাত মোকাবিলায় পরিবেশবান্ধব আধুনিক প্রযুক্তির ইটভাটা ইতিবাচক ভূমিকা রাখবে বলে অভিমত ব্যক্ত করেছেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ।
বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে পরিবেশবান্ধব আধুনিক প্রযুক্তির ইটভাটা স্থাপনবিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ইটভাটা থেকে সৃষ্ট পরিবেশদূষণ, ভূমির উর্বরতা হ্রাস প্রভৃতি বিষয় বিবেচনা করে সরকার ইটভাটা পরিচালনার ক্ষেত্রে পরিবেশবান্ধব উন্নত প্রযুক্তি প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।
এ বিষয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের গত ২০ সেপ্টেম্বর জারিকৃত সংশোধিত পরিপত্রের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এটি জারির দুই বছরের মধ্যে বিদ্যমান ১২০ ফুট উচ্চতার স্থায়ী চিমনিবিশিষ্ট ইটভাটাগুলোকে নতুন প্রযুক্তিতে রূপান্তর করতে হবে।
পুরোনো পদ্ধতিতে পরিচালিত ইটভাটাগুলোর অনুকূলে এর আগে জারি পরিবেশগত ছাড়পত্র এই পরিপত্র জারির এক বছর পর্যন্ত নবায়ন করা যাবে। এখন থেকে আধুনিক প্রযুক্তি তথা হাইব্রিড হফম্যান কিল্ন, জিগজ্যাগ কিলন্, ও ভার্টিক্যাল কিল্ন এবং অন্যান্য পরীক্ষিত উন্নত পরিবেশবান্ধব প্রযুক্তির ইটভাটার অনুকূলেই পরিবেশ ছাড়পত্র দেওয়া হবে।
এ সময় পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মনোয়ার ইসলাম এনডিসি, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মিহির কান্তি মজুমদার ও ঢাকা বিভাগের আওতাধীন ইটভাটা অ্যাসোসিয়েশনের নেতা ও মালিকেরা উপস্থিত ছিলেন। |