
আমারহেলথ (২০ মার্চ, সোমবার): ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় সচিবালয়ের ১ ও ৪ নং ভবন ও ঢাকা মেডিকেল কলেজকে কারিগরিভাবে পুনঃশক্তিশালীকরণের প্রযুক্তির (রেট্রোফিটিং) আওতায় নেয়ার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
খাদ্য ও দুর্যোগ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। এ লক্ষ্যে খাদ্য ও দুর্যোগ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের সঙ্গে গণপূর্ত মন্ত্রণালয়ের তিনটি অধিদপ্তরের মধ্যে সোমবার একটি সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
গণপূর্ত অধিদপ্তর, নগর উন্নয়ন অধিদপ্তর ও হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট এ প্রকল্পে অংশ নেবে।
দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সার্বিক কর্মসূচির (সিডিএমপি)-২ আওতায় এ প্রকল্প বাস্তবায়িত হবে। এ প্রকল্পের মাধ্যমে বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় বাংলাদেশের প্রকৌশলীদের কারিগরি প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হবে। শহরকেন্দ্রিক দুর্যোগের ঝুঁকি হ্রাস কার্যক্রমকে আরো গতিশীল করতে গণপূর্ত অধিদপ্তরে একটি রেট্রোফিটিং সেল গঠন করা হবে। |