জলবায়ু হুমকি মোকাবেলায় প্রধানমন্ত্রীর হিমালয় পরিষদ গঠনের প্রস্তাব আইলা দুর্গতদের সাহায্যের আহ্বান জাতিসংঘের মাত্রাতিরিক্ত নদী দূষণের শিকার ঢাকার অন্তত চারটি নদী

পূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান

সবাইকে নিয়েই ড্যাপ বাস্তবায়ন করা হবে

আমারহেলথ (০৪ অগাস্ট, বুধবার): পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করতে জনগণকে সঙ্গে নিয়ে ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) বাস্তবায়ন করা হবে। এ পরিকল্পনাকে আরো সমৃদ্ধ এবং উন্নত করতে প্রয়োজনে আরো সংশোধন, সংযোজন বা বিয়োজনও করা হবে। 
সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে ড্যাপ চূড়ান্ত করা ও বাস্তবায়ন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির প্রথম সভা শেষে পূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান সাংবাদিকদের একথা বলেন। 
কমিটির আহ্বায়ক স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।
পরে প্রতিমন্ত্রী মান্নান খান বলেন, "কমিটির প্রথম সভায় ড্যাপ সম্পর্কে সদস্যদের জানানো হয়েছে। কমিটির সদস্যসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এ বিষয়ে নথিপত্র দেওয়া হয়েছে। ড্যাপ বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে এতে আলোচনা করা হয়েছে।" 
তিনি বলেন, ‘সকল নাগরিককে সঙ্গে নিয়েই এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এজন্য কী কী পদক্ষেপ নেওয়া যায়, সে ব্যাপারে পরবর্তী সভায় সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। সকল পর্যায়ের মানুষের সঙ্গে আলোচনা করেই এসব চূড়ান্ত করা হবে।’ 
ড্যাপ সংক্রান্ত গেজেট সংশোধন করা হবে কিনা- এ প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘এ সরকার জনগণের সরকার। তাই জনগণের সমর্থন নিয়েই ড্যাপ বাস্তবায়ন করা হবে। একটি বাসযোগ্য নগর পেতে হলে এটির বাস্তবায়ন জরুরি। এজন্য যার যার অবস্থান থেকে কাজ করতে হবে।’ 
বৈঠকে যোগদানকারী কমিটির সদস্য পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন সাংবাদিকদের জানান, প্রথম এ সভায় ড্যাপ ও এর বিভিন্ন বিষয় সম্পর্কে সকলকে অবহিত করা হয়েছে। সদস্য ও কর্মকর্তাদের এ সংক্রান্ত নথি দেওয়া হয়েছে। কারণ, তারাই এটি বাস্তবায়ন করবে। পরবর্তীতে এ ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। 
কমিটির সদস্য নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান, ভূমি মন্ত্রী রেজাউল করিম হীরা, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও রাজউকের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিশেষজ্ঞরা সভায় উপস্থিত ছিলেন।