
আমারহেলথ (০৯ অক্টোবর, শনিবার): ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল প্রধান পিটার উইটটোয়েক জলবায়ু পরিবর্তনের ফার্স্ট ট্রাক ফান্ড এখনো ছাড় না করানোর উদ্বেগের জবাবে বলেছেন, কানকুন সম্মেলনের সময় এই তহবিল পুরোমাত্রায় অপারেশনাল থাকবে। ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান চীনের তিয়ানজেনে বাংলাদেশ প্রতিনিধিদলকে এ কথা বলেন।
পিটার উইটটোয়েক বলেন, দ্রুত অর্থায়নের ক্ষেত্রে উন্নত দেশগুলোর বিলম্বের বিষয়টি বাংলাদেশ তুলে ধরার পরিপ্রেক্ষিতে কোপেনহেগেনে উন্নত দেশগুলো এই অঙ্গীকার করে। বাংলাদেশ ও ইইউ প্রতিনিধিদলের মধ্যে দ্বিপক্ষীয় এই বৈঠকে তিনি আরো বলেন, বিশেষ ওই আর্থিক সহযোগিতার অঙ্গীকারের ব্যাপারে তাঁরা অত্যন্ত আন্তরিক এবং ইইউ ইতিমধ্যে তাদের ওই অর্থ সহায়তা ছাড়করণের ব্যাপারে সম্মত হয়েছে।
ইউএনএফ সিসিসির জলবায়ু পরিবর্তন সমঝোতা অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত ওই বৈঠকে ইইউ প্রতিনিধিদল কার্বন নিঃসরণ কমিয়ে আনা, অভিযোজন ও প্রশমন কার্যক্রমে অর্থায়ন এবং প্রযুক্তি হস্তান্তরের জন্য দীর্ঘমেয়াদি লক্ষ্যের ব্যাপারে তাদের অঙ্গীকারের বিষয়টি নিশ্চিত করেছে।
বাংলাদেশ ও ইইউ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে সম্মত হয়েছে।
পিটার উইটটোয়েক বলেন, বৈশ্বিক উষ্ণতা রোধে আইনগত বাধ্যবাধকতাকে কার্যকর করে সমঝোতা প্রক্রিয়া সফল করতে হবে।
বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মিহির কান্তি মজুমদার, ড. আইনুন নিশাত, ড. আনসারুল করিম ও মনোয়ার ইসলাম ইইউর সঙ্গে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন।
|