
|
সেলিব্রেটিদের পরিবেশ দূষণনাজিবুল্লাহ |
অ্যাঞ্জেলিনা জোলির বিমান চালানোর শখ অনেক। তাই আজকাল তিনি আকাশে ওড়ার প্রশিক্ষণ নিচ্ছেন। পিপল ম্যাগাজিন জানিয়েছে, অন্তসত্ত্বা সুপার মডেল গিসেল বুন্ডসেন প্রায়ই বিমানে আকাশ পাড়ি দিচ্ছেন। জন ট্রাভোল্টা এই শখ পূরণে নিজেই কিনেছেন ৭৪৭ জেট বিমান। ডেইলি মেইল জানিয়েছে, ডেভিড ও ভিক্টোরিয়া বেকহ্যাম তো একদিনেই সেচেলেস থেকে হিথ্রু ও সেখান থেকে লস এঞ্জেলস ভ্রমণ করেছেন বিমানে। সেলিব্রেটিদের জীবন-যাপনের ধরন যে কতোটা বিলাসীতায় পূর্ণ হতে পারে তা একয়টি উদাহরণ থেকেই পাওয়া যায়। কিন্তু তাদের এই বিলাসিতা কতখানি পরিবেশ দূষণ করছে- তা হয়তো জানা নেই অনেকেরই। পরিবেশ দূষণ নিয়ে বেশ সচেতন ব্রিটিশ ব্যান্ডদল ইউ-টু। এ ইসুতে নিজেদের বেশ দ্বায়িত্বশীল বলেই প্রচার করেছেন তারা। কিন্তু তাদেরই এবছরের সর্বশেষ কনসার্টের কারণে এতো বেশি কার্বন নিঃসরণ হয়েছে যে, এই ক্ষতি পূরণে তাদের ২০ হাজার ১১৮টি গাছ লাগানো উচিৎ! লন্ডনে অনুষ্ঠিত তাদের এই কনসার্ট দেখতে বিমানে চড়ে এসেছে ৯০ হাজার ভক্ত। তাদের প্রত্যেকের বিমান ভ্রমণের কারণে সৃষ্ট দূষণের পরিমাণ ৬ হাজার ৫শ ব্রিটিশ নাগরিকের বাৎসরিক দূষণের সমান। আরো সহজ করে বলতে গেলে, একটি ১শ ওয়াটের বাতি ১ লক্ষ ৫৯ হাজার বছর ধরে জ্বালিয়ে রাখলে যে পরিমাণ কার্বন নিঃসরণ হবে, সে পরিমাণ দূষণের কারণ হয়েছে ইউ-টু’র একটি কনসার্ট! একজন মানুষের কারণে কী পরিমাণ কার্বন দূষণ হয় তা হিসেব করা যায় ইকোলোজিক্যাল ফুটপ্রিন্টের মাধ্যমে। এই ধারণার আবিষ্কারক ড. উইলিয়াম রেইস বলেছেন, মানুষ সেলিব্রেটিদের লাইফস্টাইল নিয়ে বেশ ফ্যান্টাসিতে ভোগে। কারণ তাদের কাছে বাস্তবতা অনেক তেতো। তিনি আরো বলেন, আমরা সেলিব্রেটি লাইফস্টাইলকেই আদর্শ মনে করি। কিন্তু এদের ইকো-ফুটপ্রিন্ট নিয়ে চিন্তা করলেই ফ্যান্টাসি থেকে বাস্তবতায় ফিরে আসবে সবাই। ড. রেইস বলেন, ইকো ফুটপ্রিন্ট হিসেব করা খুব সহজ। একজন মানুষ বছরে কতখানি ভোগ করে তা হিসেব করলেই ইকো ফুটপ্রিন্ট পাওয়া যাবে। এই ভোগের উপাদানের মধ্যে ৮৫ শতাংশই হচ্ছে জ্বালানি, খাদ্য, গৃহায়ন ও বায়ুমণ্ডল উষ্ণায়নের পরিমাণ। ড. রেইস তার গবেষণায় দেখেছেন, সেলিব্রেটিদের প্রায় সবাই প্রাইভেট বিমান ব্যবহার করে। ফসিল ফুয়েলে চলে এসব বিমান। দেখা গেছে, একজন সেলিব্রেটির বাড়ি যতো বড় হবে, তার গাড়িও ততো বেশি হবে, এবং সে পানি ও বায়ুদূষণও করবে অন্যদের চেয়ে বেশি। একজন সেলিব্রেটির একটি প্রাইভেট বিমান বছরে ৪শ ঘণ্টা আকাশে ওড়ে, কমপক্ষে দু’টি বিশাল বাড়ি ও একাধিক প্রাইভেট গাড়ি তো থাকতেই পারে। কিন্তু তাদের এই বিলাসী লাইফস্টাইল এই একটি পৃথিবীকে দূষিত করতে যথেষ্ট। ড. রেইসের এই গবেষণা অনুযায়ী সেলিব্রেটিদের ইকো ফুটপ্রিন্ট হিসেব করলে এর ফলাফল দাঁড়াবে- পরিবেশ দূষণ না করে সেলিব্রেটিদের লাইফস্টাইল বজায় রাখার জন্য ১টি নয়, প্রয়োজন ৬০টি পৃথিবীর! |
Copyright © 2009 |Amarhealth|