জলবায়ু হুমকি মোকাবেলায় প্রধানমন্ত্রীর হিমালয় পরিষদ গঠনের প্রস্তাব আইলা দুর্গতদের সাহায্যের আহ্বান জাতিসংঘের মাত্রাতিরিক্ত নদী দূষণের শিকার ঢাকার অন্তত চারটি নদী

বিজিএমইএ ভবনের স্থাপনা অবৈধ দাবি

আমারহেলথ (১৫ জানুয়ারী, শনিবার): রাজধানীর হাতিরঝিলে অবস্থিত তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ভবনের স্থাপনা অবৈধ দাবি করে তা উচ্ছেদ এবং ড্যাপ বাস্তবায়নসহ ৬ দফা দাবি জানিয়েছে পরিবেশবাদী সংগঠন সিটিজেন রাইটস্ মুভমেন্ট (সিআরএম)সহ ১৫টি পরিবেশবাদী সংগঠন। 
শনিবার দুপুরে বিজিএমইএ ভবনের সামনে এক নাগরিক সমাবেশে তারা এ দাবি জানান।
সমাবেশে মূল প্রবন্ধ পাঠ করেন সিআরএম মহাসচিব তুসার রেহমান। সভাপতিত্ব করেন নবাবকাটার সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি মো. শহীদ। এছাড়া বক্তব্য রাখেন- বাপার যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস, সিআরএম সভাপতি মেজর (অব.) মো. মফিজুল হক সরকার, পীস'র মহাসচিব ইফমা হুসাইন, পানি বিজ্ঞানী ড. মুহাম্মাদ ইনামুল হক প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, রাজধানী ঢাকার ৪৩টি খাল এবং ৪টি নদী এক শ্রেণীর দুর্বৃত্ত ও ভূমিদস্যু সম্পূর্ণ অন্যায়ভাবে দখলে লিপ্ত আছে। এরই অংশ হিসেবে রাজধানী উন্নয়ন কর্পোরেশনকে (রাজউক) বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে হাতিরঝিলের জলাশয়ের মধ্যে সম্পূর্ণ অবৈধভাবে সুরম্য প্রাসাদ বিজিএমইএ ভবন গড়ে তোলা হয়েছে। 
বক্তারা বলেন, বিজিএমইএ ভবন যে অবৈধ তা প্রধানমন্ত্রী নিজেই বলেছেন। এছাড়া কৃষিমন্ত্রী, ভূমিমন্ত্রী এবং রাজউক চেয়ারম্যানও স্বীকার করেছেন বিজিএমইএ ভবন অবৈধ। এছাড়া ২০১০ সালেন অক্টোবর মাসে বিজিএমইএ ভবন কেন অবৈধ হবে না মর্মে হাইকোর্ট থেকে রুল জারি করে ১৫ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়।
বক্তারা আরো বলেন, ঢাকা ও এর আশপাশে যে ৪৭টি খাল ছিল তার মধ্যে ২৬টির অস্তিত্ব সংকটের মুখে রয়েছে। বক্তারা এসব দখল উচ্ছেদ করে ঢাকা শহরের জলাভূমি যথাযথভাবে রক্ষা করে বসবাস উপযোগী করে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।