জলবায়ু হুমকি মোকাবেলায় প্রধানমন্ত্রীর হিমালয় পরিষদ গঠনের প্রস্তাব আইলা দুর্গতদের সাহায্যের আহ্বান জাতিসংঘের মাত্রাতিরিক্ত নদী দূষণের শিকার ঢাকার অন্তত চারটি নদী

আইলা দুর্গতদের সাহায্যের আহ্বান জাতিসংঘের

৩ মে, আমার হেলথ: আইলা-দুর্গতদের পাশে দাঁড়াতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাবে জাতিসংঘ। ঘূর্ণিঝড় আইলায় ক্ষতিগ্রস্ত এলাকায় কী ধরনের সহায়তা প্রয়োজন, তা যাচাই করতে জাতিসংঘের আওতাভুক্ত সব ক’টি সংস্থার একটি যৌথ প্রতিনিধিদল চলতি সপ্তাহে বাংলাদেশে আসছে। বিশেষজ্ঞদের নিয়ে গঠিত এই দলের প্রতিবেদনের ভিত্তিতে ইউএনডিপি উন্নয়ন-সহযোগী দেশগুলোর কাছে সহায়তার আবেদন জানাবে।

আইলা-দুর্গতদের সহায়তার অংশ হিসেবে ২৭ এপ্রিল জাতিসংঘের আবাসিক পরিচালক স্টিফেন প্রিজনারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সিডর ও আইলায় ক্ষতিগ্রস্ত এলাকা বাগেরহাট ও সাতক্ষীরা জেলা সরেজমিনে পরিদর্শন করতে যান। তারা ক্ষতিগ্রস্থ এলাকার অধিবাসী ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে দুর্দশা লাঘবে জাতিসংঘ কী করতে পারে, সেই পরামর্শ চায়।

ইউএনডিপি ও সরকারের পক্ষে একা এই দুর্যোগ মোকাবিলা করা যাবে না উল্লেখ করে জাতিসংঘের আবাসিক পরিচালক স্টিফেন প্রিজনার বলেন, জাতিসংঘ ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের পর আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আইলা-দুর্গতদের জন্য সহায়তা চাইবে।

 

প্রতিনিধিদলের সদস্য ডিএফআইডির উপ-আবাসিক প্রতিনিধি ডায়ানা ডাল্টন বলেন, বেড়িবাঁধ মেরামত না হলে আইলা উপদ্রুত এলাকায় কোনো ধরনের উন্নয়ন-কর্মকাণ্ড টেকসই হবে না। উন্নয়ন সংস্থাগুলোর পক্ষে বেড়িবাঁধ মেরামতের মতো বিশাল ও ব্যয়বহুল কাজ সম্ভব নয় মন্তব্য করে তিনি বলেন, সরকারকে দ্রুত এবং জরুরি ভিত্তিতে বাঁধ মেরামতের উদ্যোগ নিতে হবে।

সাতক্ষীরা ও বাগেরহাট জেলার স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা জাতিসংঘের পরিদর্শকদলকে স্বাগত জানান। এলাকার বেশির ভাগ মিষ্টি পানির পুকুর ও নলকূপ আইলায় নষ্ট হয়ে গেছে উল্লেখ করে তারা এ ব্যাপারে উদ্যোগ নিতে জাতিসংঘের কাছে আহ্বান জানান।