রক্তের বদলে কাজ করে হিমোফার নতুন ওষুধ ডায়াবিনো ওষুধ প্রশাসনের বেহাল দশা

ওষুধ কোম্পানিগুলো ওষুধের যথাযথ মান বজায় রাখার আহবান প্রধানমন্ত্রীর

 

 

আমারহেলথ (২৪ফেব্রুয়ারী, বৃহস্পতিবার): ওষুধের মান ও দাম বজায় রাখতে দেশের ওষুধ কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে বেশি বেশি ভেষজ ওষুধ তৈরির দিকে মনোযোগী হওয়ার তাগিদ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার ৫ম এশীয় ফার্মা এক্সপো’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ওষুধ রফতানি আরো বাড়ানোর ক্ষেত্রে সব ধরনের বাধা দূর করার প্রতিশ্রুতি দেন। 
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ফার্মাসিস্ট, কেমিস্ট, বায়োকেমিস্ট, বায়োটেকনোলজিস্ট, চিকিৎসক, প্রকৌশলীদের ওষুধের মান ও দাম নিয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি বলেন, ওষুধ উৎপাদনের সঙ্গে সঙ্গে এর যথাযথ মান নিয়ন্ত্রণ জরুরি। কারণ ওষুধের সঙ্গে মানুষের বাঁচা-মরার প্রশ্ন জড়িত। নিম্নমানের ওষুধ যাতে বাজারজাত না হয় সেদিকে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোকে নজরদারি বাড়াতে হবে। ওষুধের দাম নিয়েও চিন্তা-ভাবনা করতে হবে। কারণ দেশের বেশিরভাগ মানুষ গরিব। তাদের পক্ষে বেশি দামে ওষুধ কেনা সম্ভব হয় না।
প্রধানমন্ত্রী কোম্পানিগুলোকে ভেষজ ওষুধ তৈরির ওপর জোর দেন। তিনি বলেন, বিশ্বব্যাপি ভেষজ ওষুধ দ্রত প্রসার লাভ করছে। বাংলাদেশে ভেষজ ওষুধ উৎপাদনের যথেষ্ট সুযোগ রয়েছে। কারণ এর কাঁচামাল দেশেই পাওয়া যায়। পার্শ্ববর্তী দেশ ভারত, শ্রীলঙ্কা, চীন ভেষজ ওষুধ এবং প্রসাধনী সামগ্রী তৈরিতে ব্যাপক উন্নতি করেছে। ইউরোপ-আমেরিকার বাজারে ভেষজ ওষুধের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সমগ্র বিশ্বে প্রতি বছর প্রায় ৪৩ বিলিয়ন ডলার মূল্যের ভেষজ উদ্ভিদের চাহিদা রয়েছে। দেশের অনেক বড় বড় কোম্পানি এলোপ্যাথিক ওষুধের পাশাপাশি দু’একটি ভেষজ ওষুধ তৈরি করছে। এসব ওষুধের গুণগত মান বজায় রেখে আরও বেশি বেশি ভেষজ ওষুধ তৈরির দিকে নজর দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি, জনবল নিয়োগ, কমিউনিটি ক্লিনিক আবারো চালুসহ নানা পদক্ষেপে সরকার স্বাস্থ্যসেবা জনগণের হাতের কাছে নিয়ে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী দিলিপ বড়ুয়া, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা ড. জে আর মোদাচ্ছের, এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ প্রমুখ বক্তব্য রাখেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওষুধ উৎপাদন আর চিকিৎসার নানা যন্ত্রপাতি-সরঞ্জামের প্রদর্শনীতে ২৮টি দেশের দেড় শতাধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

আগের পাতা