দেশের সব খবর আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যালস আমার বিনোদন বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার

তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকরে সপ্তাহব্যাপী প্রচারণা শুরু

পরোক্ষ ধূমপানের কারণে ক্যান্সার, যক্ষা, হৃদরোগ, হাঁপানি, গর্ভবতী নারীদের অকাল গর্ভপাত বা অপুষ্ট ও বিকলাঙ্গ শিশু প্রসব এবং শিশুদের কানে পঁচা রোগ, হাঁপানি, শ্বাসকষ্টসহ নানাবিধ সমস্যা দেখা দেয়। তাই কেউ যেন পরোক্ষ ধূমপানের কারণে ভয়াবহ এসব রোগে আক্রান্ত হবার ঝুঁকির মধ্যে না থাকে সেজন্য পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনকে ধূমপানমুক্ত রাখতে হবে। এজন্য অধূমপায়ীদের সচেতন ও সোচ্চার হতে হবে। কারণ এখনো বাংলাদেশে অধূমপায়ীদের হার ৬০ ভাগেরও বেশি।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ডাব্লিউবিবি ট্রাস্ট ও নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর যৌথউদ্যোগে সপ্তাহব্যাপী ক্যাম্পেইন এর উদ্বোধনকালে পরিবেশ বাঁচাও আন্দোলন এর চেয়ারম্যান আবু নাসের খান একথা বলেন।
তিনি আরো বলেন, নিকোটিন, কার্বন মনোক্সাইড, টার, ডিডিটি, আর্সেনিকসহ বিড়ি-সিগারেটের ধোঁয়ায় চার হাজারেরও বেশি ক্ষতিকর রাসায়নিক পদার্থ রয়েছে। অধূমপায়ীর জন্যও যা সমানভাবে ক্ষতিকর।
ডাব্লিউবিবি ট্রাস্ট এর সিনিয়র প্রকল্প কর্মকর্তা আমিনুল ইসলাম সুজনের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিরাপদ এর চেয়ারম্যান ইবনুল সাইদ রানা। বক্তব্য রাখেন গ্রীণ মাইন্ড সোসাইটির নির্বাহী পরিচালক আমির হোসেন, এসডিওর নির্বাহী পরিচালক কামাল হোসেন প্রমুখ।
ইবনুল সাঈদ রানা বলেন, জনস্বার্থে সরকার যে আইন করেছে সে আইন অনুযায়ী পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনের কর্তৃপক্ষকে সক্রিয় হতে হবে। পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনগুলোতে ধূমপানমুক্ত সাইনবোর্ড লাগাতে হবে।

কর্মসূচীতে সমর্থন জানিয়ে পরিবেশ বাঁচাও আন্দোলন, গ্রীণ মাইন্ড, সারডা, এসডিও, সার্বিক উন্নয়ন সংস্থা প্রভৃতি সংগঠন অংশ নেয়।