দেশের সব খবর আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যালস আমার বিনোদন বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার

মতবিনিময় সভায়  আনসার এর অতিরিক্ত মহাপরিচালক

তামাকের ক্ষতিকর দিক আনসার বাহিনীর প্রশিক্ষণে সম্পৃক্ত করা হবে

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর(ভিডিপি) ব্যাটালিয়ন, স্বেচ্ছাসেবকসহ সর্বমোট ৬০ লক্ষ সদস্য রয়েছে। এদের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, মাদকের অপব্যবহার ও চোরাচালান রোধ, নারীর ক্ষমতায়নসহ দেশের বিভিন্ন ইতিবাচক দিক সম্পর্কে নানারকম প্রশিক্ষণ দেয়া হয়। ভবিষ্যতে তামাক নিয়ন্ত্রণ আইন ও তামাকের ক্ষতিকর দিক সম্পৃক্ত করা হবে এসব প্রশিক্ষণে।
মঙ্গলবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে বাংলাদেশ তামাক বিরোধী জোট ও বাংলাদেশ আনসার ও ভিডিপির এক যৌথ মতবিনিময় সভায় অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এবিএম তায়েফুল ইসলাম এ কথা বলেন।
মহাপরিচালকের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ তামাক বিরোধী জোটের নেতৃত্ব দেন পরিবেশ বাঁচাও আন্দোলন(পবা) এর চেয়ারম্যান আবু নাসের খান।
তিনি বলেন, আইন অনুযায়ী আনসার এর সব ভবন ধূমপানমুক্ত। কিন্তু কার্যকরভাবে সে আইন মানা হয়না। সেজন্য আনসার এর সব ভবন ধূমপানমুক্ত করা হলে ও আনসার এর প্রশিক্ষণ কার্যক্রমে তামাকের ক্ষতিকর বিষয়গুলো তুলে ধরা হলে আনসার বাহিনীর সদস্যরা এবং তাদের পরিবারের সদস্যরা এ সম্পর্কে অবহিত হবে। যা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ও দেশের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও ভিডিপির উপ-মহাপরিচালক(অপারেশন) একেএম মিজানুর রহমান, বাংলাদেশ তামাক বিরোধী জোট এর পক্ষে প্রত্যাশার সাধারণ সম্পাদক হেলাল আহমেদ, ডাব্লিউবিবি ট্রাস্ট এর সিনিয়র প্রকল্প কর্মকর্তা আমিনুল ইসলাম সুজন প্রমুখ।
সভাশেষে পরিবেশবিদ আবু নাসের খান বাংলাদেশ তামাক বিরোধী জোট এর পক্ষে বাংলাদেশ আনসার ও ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এবিএম তায়েফুল ইসলাম এর হাতে তামাক নিয়ন্ত্রণ সংক্রান্ত প্রকাশনা, ধুমপানমুক্ত এলাকা শীর্ষক সাইনবোর্ড এবং সুনির্দিষ্ট দাবিসহ স্মারকলিপি তুলে দেন। সংবাদ বিজ্ঞপ্তি।