আমারহেলথ (২৪মার্চ, বৃহস্পতিবার): বেসরকারী সংস্থা ‘সাজেদা ফাউন্ডেশন’ এর আমরাও মানুষ প্রকল্প পথশিশুদের কল্যাণে কাজ করছে। ঢাকার মগবাজার শাখার উদ্যোগে এ বিষয়ে এক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন এনজিওর প্রতিনিধি সহ রমনা থানার উর্দ্ধতন পুলিশ কর্মকর্তা ও এলাকার ওয়ার্ড কমিশন এর প্রতিনিধিরা।
সভায় সমগোত্রীয় সংস্থা ছাড়াও টিসিএম, পিএসটিসি, শিশুক্রীড়া বাংলাদেশ, স্যার উইলিয়াম বেভারেজ ফাউন্ডেশন, মনোয়ারা হাসপাতাল তাদের অবস্থান থেকে সাধ্যমত সাহায্যের প্রতিশ্রুতি দেন।
রাজধানীজুড়ে প্রায় ১৫ থেকে ২০ হাজার মানুষ বিভিন্ন জায়গায় খোলা আকাশের নিচে বসবাস করে। এক কোটি ২০ লক্ষ মানুষের এই ঢাকা শহরে আশ্রয়হীন মানুষের সংখ্যা নগণ্য মনে হলেও সহায় সম্বলহীন দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে।
দেশ-বিদেশী বিভিন্ন সংস্থার পরিসংখ্যান অনুযায়ী জানা গেছে যে, মূলত নদী ভাঙ্গন ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের কারনে গ্রামের মানুষ তাদের জমি, আবাসন এবং কাজের সুযোগ হারিয়ে বেঁচে থাকার তাগিদে নি:স্ব অবস্থায় শহরের বিভিন্ন রাস্তায় আশ্রয় নিচ্ছে।
অনুসন্ধানে দেখা যায়, বেকারত্ব, জমি হারানো, তালাক বা বিবাহ-বিচ্ছেদের কারনে পথবাসী মানুষেরা রাস্তায় জীবন যাপনে বাধ্য হয়।
কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর ২০০৯ সালের গবেষণা অনুযায়ী শতকরা ৪০ ভাগ উত্তরদাতা ১০১ থেকে ২২৫ টাকা পর্যন্ত উপার্জন করে। তার মধ্যে ৩৫ ভাগ উত্তরদাতা ৫১ থেকে ১০০ টাকা পর্যন্ত উপার্জন করে। আবার ২৩ ভাগ উত্তরদাতা ৫০টাকা বা তারচেয়ে কম উপার্জন করে।
গবেষণায় বলা হয়- পথবাসীরা যা উপার্জন করে তার পুরোটাই খাবার, পানি এবং পয়োনিষ্কাশনের কাজে শেষ করে। তাই তারা ভালো খাবার বা নিরাপদ পানির সুবিধা ভোগ করতে পারে না।
আমরাও মানুষ প্রকল্পের আওতায়, পথে ঘুরে বেড়ানো শিশুদের এখানে এনে পথশিশুদের খাবার সহ স্বাস্থ্যসেবা, গোসল, টয়লেট ব্যবহার, দিনের বেলায় বিশ্রামের সুযোগ, সচেতনতামূলক প্রশিক্ষণ, কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ, সঞ্চয় ও প্রতিষ্ঠানিক /অপ্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য কাজ করছে।
এই শাখায় বিগত ফেব্রুয়ারী মাসে ৪৬১ জন পথশিশু সারা বাংলাদেশে প্রায় দশ হাজার পথশিশু এইখান থেকে সুবিধা পেয়েছে।
এ প্রকল্পের আওতায় কাওরান বাজার, কমলাপুর রেলষ্টেশন, সদরঘাট, ঢাকা স্টেডিয়ামের খোলা জায়গা, হাইকোর্ট, ওসমানী উদ্যান, গ্রীণরোড, মিরপুর বাজার, মিরপুর স্টেডিয়াম, মৌচাক ও এর আশেপাশে নয়টি পথবাসী কেন্দ্র রয়েছে।
|