দেশের সব খবর আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যালস আমার বিনোদন বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার

গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞদের পরামর্শ

ক্রমবর্ধমান যাতায়াত চাহিদা মেটাতে স্বতন্ত্র রেলমন্ত্রণালয় তৈরী করুন

২৪জুন, আমারহেলথ: দেশের ক্রমবর্ধমান যাতায়াত চাহিদা মেটাতে রেলওয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখবে। অথচ এই ব্যাপারটি সব সরকারই অবহেলার চোখে দেখে থাকে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে স্বতন্ত্র রেল মন্ত্রণালয় করতে হবে। 
বৃহস্পতিবার সকালে পরিবেশ বাঁচাও আন্দোলন(পবা) কার্যালয়ে অনুষ্ঠিত পরিবেশ বাঁচাও আন্দোলন ও ডাব্লিউবিবি ট্রাস্ট আয়োজিত গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা উপরোক্ত দাবি জানান।
জাতীয় তেল গ্যাস, খনিজ সম্পদ, বন্দর ও বিদ্যুৎ রক্ষা জাতীয় কমিটির আহবায়ক প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে ও পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মঞ্জুরুল আহসান খান, নগর পরিকল্পনাবিদ নিয়াজ রহমান, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, রেলওয়ে শ্রমিক ইউনিয়ন এর সভাপতি দেওয়ান মোহাম্মদ আলী প্রমুখ।
আবু নাসের খান বলেন, পরিবেশ, অর্থনীতি, কৃষি, স্বল্পমূল্যে যাতায়াত, জ্বালানীয় সাশ্রয়ী, দ্রুত ও নিরাপদ যাতায়াত ব্যবস্থায় রেল ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। সড়ক পথের উপর নির্ভরতা বৃদ্ধি পাওয়ায় জনগণ যেমন জিম্মি হয়ে পড়ছে তেমনি দূষণ, জালানি ব্যয়, সড়ক দূর্ঘটনা ও মানুষের মৃত্যু বাড়ছে।
সভাপতির বক্তব্যে প্রকৌশলী শেখ মুহম্মদ শহিদুল্লাহ বলেন, বাংলাদেশ রেলওয়েকে করপোরেট করার কথা কেউ কেউ বলছেন। এটা করলে প্রতিষ্ঠানটি প্রাইভেটাইজেশনে রূপান্তরিত হবে। রেলওয়ের মতো একটি রাষ্ট্রীয় পরিবহন ব্যবস্থাকে করপোরেট করা হলে জাতীয় নিরাপত্তাসহ অর্থনীতি, পরিবেশ বিপর্যস্ত হবে এবং জনগণ যানবাহন চক্রের কাছে জিম্মি হবে।
বক্তারা বলেন, বর্তমানে দেশে প্রায় ২ কোটি মানুষ প্রতিদিন যাতায়াত করছে। আগামী ২০২৫ সাল নাগাদ দেশে প্রায় ১০ কোটি মানুষ প্রতিদিন নানা প্রয়োজনে যাতায়াত করবে। এ বিপুলসংখ্যক মানুষের যাতায়াত চাহিদা নিশ্চিত করতে পরিবেশবান্ধব, সাশ্রয়ী, নিরাপদ, আরামদায়ক বাহন হিসাবে রেল পথের উন্নয়ন করা জরুরি।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডাব্লিউবিবি ট্রাস্ট এর প্রকল্প কর্মকর্তা নাজমূল করিম সবুজ।