দেশের সব খবর আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যালস আমার বিনোদন বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার

দেশে ৩২ দশমিক ২ শতাংশ মা ও ৪০ শতাংশ শিশু পুষ্টিহীন : কারণ নির্ণয় করছে সরকার

নাজিবুল্লাহ (১৪ আগস্ট, শনিবার): বাংলাদেশ পরিসংখ্যান বুরো (বিবিএস) পরিচালিত ২০০৫ সালের পুষ্টি সংক্রান্ত সর্বশেষ জরিপ অনুযায়ী দেশের ৩২ দশমিক ২ শতাংশ মা এবং ৪০ শতাংশ শিশু পুষ্টিহীনতায় ভোগে। একটা সুন্দর জাতি গঠনে খবরটি মোটেও সুখকর মনে করেন না নারী ও শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এ অবস্থার পরিবর্তনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে শূন্য থেকে পাঁচ বছর বয়সী (৫৯ মাস) শিশু ও তার মায়ের পুষ্টিসহ নয়টি বিষয়ের ওপর তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। নিউট্রিশান সার্ভিলেন্স কম্পোনেন্ট (এনএসসি) নামে এনিয়ে একটি প্রকল্পও গ্রহণ করা হয়েছে। প্রকল্পের আওতায় ২০১৪ সাল পর্যন্ত এ সংক্রান্ত তথ্য সংগ্রহের কাজ চলবে। কাজশেষে সার্বিক তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ওই বছরই চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করা হবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, রিপোর্টের ওপর ভিত্তি করে মা ও শিশুর উন্নয়নে ব্যবস্থা নেবে সরকার।

ইউরোপীয় কমিশনের খাদ্য নিরাপত্তা কর্মসূচি ২০০৬-এর অধীনে পরিচালিত এই কর্মসূচি বাংলাদেশ পরিসংখ্যান বুরোর (বিবিএস) তত্ত্বাবধানে ব্রাক বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন করবে। এজন্য প্রায় ৭৪ লাখ ইউরো বরাদ্দ করেছে ইইউ। প্রকল্পে আপাতত চারটি খাত অন্তর্ভুক্ত করা হয়েছে। খাতগুলো হলো- স্কুল ফিডিং কম্পোনেন্ট, নিউট্রিশান সার্ভিলেন্স কম্পোনেন্ট, ন্যাশনাল ফুড পলিসি কম্পোনেন্ট ও সয়েল ফার্টিলিটি কম্পোনেন্ট।

বিবিএসের এনএসসি প্রকল্পের পরিচালক আজিজা পারভিন বলেন, একজন সুস্থ মা-ই একজন সুস্থ সন্তান জন্মদান ও সঠিকভাবে দেখাশোনা করতে পারেন। নানা কারণে মা ও শিশুরা আক্রান্ত হচ্ছে মারাত্মক অপুষ্টিতে। দেশের সব অঞ্চলের মানুষের পুষ্টি ঘাটতি এক রকম নয়। সে কারণেই জরিপ চালানো হচ্ছে। দেশে প্রথমবারের মতো এ ধরনের জরিপ চালানো হচ্ছে।