আমারহেলথ (১০আগস্ট, মঙ্গলবার): জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ বলেছেন, বর্তমান সরকার প্রতিবন্ধী পরিবারকে প্রতিমাসে তিনশ’ টাকা করে ভাতা প্রদান করছে।
সোমবার মৌলভীবাজার সাইফুর রহমান অডিটরিয়ামে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) আয়োজিত ‘প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসন : আমাদের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় চিফ হুইপ এ কথা বলেন।
চিপ হুইপ আরো বলেন, বাংলাদেশে দেড় কোটি প্রতিবন্ধী রয়েছে। প্রতিবন্ধীদের আমরা অনেক সময় খারাপ চোখে দেখি। এভাবে দেখা উচিত নয়। প্রতিবন্ধীদের চিকিৎসা ও পুনর্বাসন ক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান কাজ করলে সরকারসহযোগিতা করে যাবে।
তিনি বলেন, সিআরপি প্রতিবন্ধীদের চিকিৎসা ও পুনর্বাসন ক্ষেত্রে ভাল কাজ করে যাচ্ছে।
অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিআরপির প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী ভেলরী এ টেইলর, জেলা প্রশাসক মুস্তাফিজুর রহমান, জেলা পুলিশ সুপার হারুন-অর-রশীদ, সিভিল সার্জন গোলাম রজ্জাক চৌধুরী, সাবেক সংসদ সদস্য আজিজুর রহমান ও সিআরপি’র নির্বাহী পরিচালক মোঃ এমদাদ মোসলেম প্রমুখ।
|