আমারহেলথ (১৯জুলাই, সোমবার): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তিনি এবং তার সরকার প্রতিবন্ধীদের কল্যাণে সবকিছু করতে প্রস্তুত। প্রতিবন্ধী বলে অবহেলা না করে তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ও দেশের কাজে উপযোগী করে গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।
শনিবার রাজধানীর সোনারগাঁ হোটেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন বিভাগ সেন্টার ফর নিউরো ডেভেলপমেন্ট এন্ড ওটিজম ইন চিল্ড্রেনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন।
বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্তের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, সমাজ কল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ ও প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলী।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রতিবন্ধীদের প্রতি জ্ঞানবৃদ্ধি ও তাদের প্রতি বৈষম্য নিরসনের আহবান জানান।
তিনি বলেন, ওটিজম এবং স্নায়ুবিক বিকাশজনিত সমস্যা বড় কোন ব্যাধী নয়, এটি মানববৈচিত্র্যরই অংশ। প্রতিবন্ধীরা সুযোগ পেলে যে অনেক দূর যেতে পারে ১৯৯৯ বিশেষ অলিম্পিকসহ অনেকক্ষেত্রেই তারা তা প্রমাণ করেছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘ঢাকায় একটি পূর্ণাঙ্গ প্রতিবন্ধী কমপ্লেক্স তৈরী করা হবে।’ আমরা দেশের ছয়টি বিভাগে ছয়টি এতিম প্রতিবন্ধী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের কাজ শুরু করেছি। তাদের চিকিৎসা, থেরাপি সেবা দেয়া হচ্ছে। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের আওতায় প্রমোশন অব সার্ভিসেস এন্ড অপরচুনিটি টু দ্য ডিসএবল্ড পারসনস ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্পে ১৫৫ কোটি টাকা ব্যয়ে দেশব্যপী ১টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রতিটি বিভাগীয় শহরে এবং সাভারে শেখ ফজিলাতুন্নেসা হাসপাতাল নির্মাণের প্রাথমিক কাজ শুরু হয়েছে। অনুষ্ঠান শেষে প্রতিবন্ধীদের উপস্থাপনায় সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী।
|