দেশের সব খবর আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যালস আমার বিনোদন বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার

জনসংখ্যা দিবসে রাষ্ট্রপতি-
‘পরিকল্পনা কর্মসূচিকে বেগবান করতে হবে’

ঢাকা, ১১ জুলাই (আমারহেলথ): রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান বলেছেন, বিশ্বের সর্বাপেক্ষা ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশ। আর এদেশে দারিদ্র্যের দুষ্টচক্রের জন্য দায়ী এর বিশাল জনসংখ্যা। বর্ধিত জনসংখ্যা থেকে সৃষ্ট দারিদ্র্য, অপুষ্টি, খাদ্য, শিক্ষা,স্বাস্থ্য সমস্যাসহ নানাবিধ সামাজিক অস্থিরতার আবর্তে ঘুরপাক খাচ্ছি আমরা। ‘এজন্য পরিবার পরিকল্পনা কর্মসূচিকে বেগবান করতে হবে।’
রবিবার বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ওসমানি স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। 
রাষ্ট্রপতি আরো বলেন, জনসংখ্যার চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত কাজ ও দ্রুত শূন্যপদে লোক নিয়োগ দিতে হবে। এবং প্রতিটি সক্ষম দম্পতির কাছে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী পৌঁছে দিতে হবে। বিশেষ করে দরিদ্র, অশিক্ষিত ও অসচেতন এলাকায় বেশি গুরুত্ব দিতে হবে।
পরিসংখ্যান অনুযায়ী, দেশে ১৯৫৩ সালে জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু হলেও বর্তমানে জনসংখ্যা ১৫ কোটি ছাড়িয়ে গেছে। জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক ৩৯ এ নামিয়ে আনা গেলেও এখনও সক্ষম দম্পতির ১৮ ভাগ রয়েছে এ কার্যক্রমের বাইরে। 
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, সরকার জনসংখ্যা নিয়ন্ত্রণে সর্বাত্মক ব্যবস্থা নেবে।
বিশ্বের জনসংখ্যা একযুগে বাড়বে একশ কোটি। এ পরিস্থিতিতে ‘প্রতিটি জন্মই হোক পরিকল্পিত’ এই স্লোগান নিয়ে পালিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস। 
পরিবার পরিকল্পনা কর্মসূচিতে বাংলাদেশের সাফল্যের কথা উল্লেখ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুজিবর রহমান ফকির বলেন, আমরা শ্রীলঙ্কা ছাড়া সার্কভুক্ত দেশগুলোর মধ্যে জনসংখ্যা নিয়ন্ত্রণে এগিয়ে আছি। 
অনুষ্ঠানে জন্মনিয়ন্ত্রণ কর্মসূচিতে বিশেষ অবদান রাখার জন্য পরিবার পরিকল্পনা মাঠকর্মী, এর সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের পুরস্কৃত করা হয়।