জাফর সাদেক শিবলী
আমারহেলথ (২৭ নভেম্বর, শনিবার): প্রতি বছর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দেশে প্রায় ৫০ হাজার শিশু মারা যায়। এর মধ্যে ৫ বছরের কম বয়সী শিশুর সংখ্যাই বেশি। এ রোগে আক্রান্ত হওয়ার প্রাথমিক পর্যায়ে সঠিক চিকিৎসা না পাওয়া অনেকাংশে দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, নিউমোনিয়ায় মৃত্যুর শিকার শতকরা ৯৮ ভাগ শিশু বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে বাস করে। একটি উন্নতদেশে যেখানে বছরে এ রোগে একটি শিশু মারা যায়, সেখানে উন্নয়নশীল দেশগুলোতে মৃত্যু ঘটে ২০০ শিশুর। উন্নয়নশীল দেশগুলোতে বছরে প্রায় ১ কোটি ১০ লাখ শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেয়। এ রোগে আক্রান্তের দিক থেকে বাংলাদেশ পঞ্চম স্থানে রয়েছে। বর্তমানে দেশে নিউমোনিয়ায় আক্রান্তের সংখ্যা ৬০ লাখ পেরিয়ে যাবে। এর মধ্যে প্রতি বছর ৫ বছরের কম বয়সী কমপক্ষে ৫০ হাজার শিশু মারা যায়।
বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, নিউমোনিয়া প্রতিরোধে টিকা প্রদান ও সঠিক চিকিৎসা নিশ্চিত করা গেলে দেশে নিউমোনিয়ায় অকালমৃত্যু অনেকাংশে কমানো যাবে।
সংশ্লিষ্ট বিভাগে খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশে এখনো সরকারিভাবে নিউমোনিয়ার সবগুলো ভ্যাক্সিন (টিকা) আনা সম্ভব হয়নি। এমনকি টিকা পাওয়ার জন্য আবেদনও করতে পারেনি কর্তৃপক্ষ।
দেশের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) সূত্রে জানা গেছে, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি (হিব)-এর টিকা সরকারিভাবে দেয়া হলেও নিউমোকক্কাসের টিকা দেয়া হয় না। তবে বেসরকারি পর্যায়ে নিউমোকক্কাস টিকা পাওয়া যায়। প্রতিটির দাম ৭০০-১০০০ টাকা। দামি হওয়ায় মধ্যবিত্তের পক্ষেও এ টিকা নেয়া সম্ভব হয় না ।
স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. খন্দকার সিফায়েতউল্লাহ বলেন, নিউমোনিয়ার টিকা পাওয়ার ব্যাপারে গ্যাভি-র অনুমোদনের জন্য আবেদনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, শীতকালে শুষ্ক আবহাওয়ায় প্রকৃতিতে ভাইরাসের বিচরণ বেশি থাকে। এসব ভাইরাস শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে দেহে প্রবেশ করে। ফলে সর্দিকাশি ও জ্বরের প্রকোপ দেখা দেয়। ভাইরাসজনিত এসব সর্দি-জ্বর অনেকদিন থাকলে, প্রয়োজনীয় চিকিৎসা না নিলে এ থেকে নিউমোনিয়া দেখা দিতে পারে।
নিউমোনিয়া সম্পর্কে ঢাকা শিশু হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডা. প্রবীর কুমার সরকার বলেন, নিউমোনিয়া মূলত বিভিন্ন ধরনের ভাইরাস ও ব্যাকটেরিয়াজনিত একটি রোগ। নিউমোনিয়ায় আক্রান্ত হলে ফুসফুসে এর প্রভাব পড়ে। বুকে কফ বাড়ে, ফলে শ্বাসকষ্ট দেখা দেয়। আক্রান্ত রোগীকে যথাসময়ে সঠিক চিকিৎসা দেয়া হলে এ রোগ শতভাগ নিরাময়যোগ্য।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার অন্য এক গবেষণায় দেখা গেছে, প্রতি বছর বিশ্বে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রতি ১৫ সেকেন্ডে মারা যায় ১টি শিশু । বিশ্বব্যাপী মৃত্যুর মুখে ঢলে পড়া ৫ বছরের কম বয়সী মোট ১ কোটি শিশুর মধ্যে ২০ শতাংশ মারা যায় এ রোগে।
আইসিডিডিআরবি’র এক গবেষণায় দেখা গেছে, প্রতি বছর বিশ্বব্যাপী এ রোগে ৪০ লাখ মানুষের মৃত্যু ঘটে। এর মধ্যে ১৬ থেকে ২২ লাখ শিশু তীব্র শ্বাসতন্ত্রজনিত সংক্রমণে মারা যায়, যার প্রায় ৩০ শতাংশ শিশুই বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার।
|