আমারহেলথ (০৫ ডিসেম্বর, রবিবার): স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক বলেছেন, দেশের পরিবার পরিকল্পনা সেবা নিম্নমানের। জন্মহার নিয়ন্ত্রণ না করতে পারলে কোন সেবাই কাজে আসবে না। তাই পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য খাতের কর্মকর্তা-কর্মচারীসহ প্রশাসনিক সকল কর্মকর্তাকে এক সাথে কাজ করতে হবে।
রবিবার মাদারীপুর সদর হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সাথে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিটি জেলা সদর হাসপাতালে আইসিইউ থাকা জরুরি। এজন্য সরকার কাজ শুরু করেছে।
মন্ত্রী বলেন, সরকার আরো নার্সসহ স্বাস্থ্য কর্মী নিয়োগের প্রক্রিয়া চালাচ্ছে। এছাড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ডাক্তার, নার্সসহ কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি নিয়ে চলমান সঙ্কট সমাধানের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ইতিমধ্যে নার্সদের পদোন্নতি দেয়া হয়েছে। বাকিদের ব্যাপারেও দ্রুত সিদ্ধান্ত নিচ্ছে সরকার। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছানোর জন্য কমিউনিটি ক্লিনিকগুলো সচল হলেও বেশ কিছু সমস্যা আছে। তবে সমস্যাগুলো দূরীকরণে বর্তমান সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে নৌমন্ত্রী শাজাহান খান, জেলা প্রশাসক শশী কুমার সিংহ, পুলিশ সুপার সরদার তমিজউদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন ডা. আবু বক্কর মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
|