ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন ফজলে হাসান আবেদ নাইট উপাধি পেয়েছেন। দারিদ্র্য বিমোচন ও দরিদ্রের ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য তাঁকে এ উপাধি দেওয়া হয়। গত পয়লা জানুয়ারী ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের নববর্ষের সম্মাননা তালিকায় এ ঘোষণা করা হয়। ঘোষণায় বলা হয়, ফজলে হাসান আবেদ হবেন নাইট কমান্ডার অব দ্য মোস্ট ডিসটিঙ্গুইসড অর্ডার অব সেন্ট মাইকেল অ্যান্ড সেন্ট জর্জ। ১৯৪৭ সালের পর ফজলে হাসান আবেদই প্রথম বাংলাদেশি, যিনি এ উপাধিতে ভূষিত হলেন। বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার বেশ কটি দেশে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে শিক্ষা, স্বাস্থ্য, মানবাধিকার ও সামাজিক উন্নয়নে এবং দরিদ্র জনগোষ্ঠীকে আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য চার দশক ধরে নিরলসভাবে কাজ করে যাওয়ায় তাঁকে এই সম্মাননা দেওয়া হয়। ফজলে হাসান আবেদ তাঁর প্রতিক্রিয়ায় বলেন, এই সম্মান আমি বিনম্রচিত্তে গ্রহণ করছি। এ জন্য আমি ব্র্যাকের আমার সব সহকর্মীকে ধন্যবাদ জানাচ্ছি। তাঁরাই বাংলাদেশ ও বহির্বিশ্বে দারিদ্র্য বিমোচনে অগ্রণী ভূমিকা পালন করছেন। তাঁরা এ সম্মানের সমান অংশীদার। নাইট উপাধি পাওয়ায় ফজলে হাসান আবেদকে অভিনন্দন জানিয়েছে এনজিও ফেডারেশন। ফেডারেশনের পক্ষ থেকে মুক্তিযুদ্ধে তাঁর আত্মত্যাগ ও অবদান এবং স্বাধীনতা লাভের পর থেকে দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করা হয়। আবেদ তাঁর পরিবারের দ্বিতীয় ব্যক্তি, যিনি এ উপাধি পেলেন। ১৯১৩ সালে ব্রিটিশরাজ বিচারপতি নবাব স্যার সৈয়দ সামসুল হুদাকে নাইট উপাধিতে ভূষিত করেন। হুদা ছিলেন ফজলে হাসান আবেদের বাবা মরহুম সিদ্দিক হাসানের মামা।
|