দেশের সব খবর আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যালস আমার বিনোদন বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার

চট্টগ্রামে অরবিস

জাফর সাদেক শিবলী

উড়োজাহাজের দুটি কক্ষে অস্ত্রোপচার চলছে। সামনের কক্ষে বিশাল পর্দায় ওই অস্ত্রোপচারের সবাক ভিডিওগ্রাফি দেখানো হচ্ছে। মঙ্গলবার চট্টগ্রামে অরবিস উড়ন্তচক্ষু হাসপাতালে অস্ত্রোপচারের এসব দৃশ্য দেখেন স্থানীয় চিকিৎসক, টেকনিশিয়ান ও সেবিকারা। অরবিস এ নিয়ে তৃতীয়বার চট্টগ্রামে এবং নবমবার বাংলাদেশে এল। এর আগে ২০০৫ সালে সর্বশেষ এটি চট্টগ্রামে এসেছিল। এবার অরবিসের ১১ জন বিশেষজ্ঞ চিকিৎসক চট্টগ্রামের ১২০ জন চিকিৎসক, ৪০ জন অবেদনবিদ (অ্যানেসথেটিস্ট), ১৫ জন টেকনিশিয়ান ও ৫০ জন সেবিকাকে বিশ্বের অত্যাধুনিক চিকিৎসা-প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ দেবেন। ১৫ অক্টোবর অরবিস চট্টগ্রাম ত্যাগ করবে।
মঙ্গলবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অরবিসের চট্টগ্রাম কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর উপদষ্টো সৈয়দ মোদাচ্ছের আলী। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শাহ মুনির হোসেন। বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির সভাপতি আভা হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এম এ মতিন, রবিউল হোসেন, দীন মোহাম্মদ, নুরুল হক, অরবিস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আবু রায়হান ও অরবিসের মেডিকেল ডিরেক্টর হান্টার চেরওয়েক বক্তব্য দেন। এ অনুষ্ঠানের আয়োজন করে পাহাড়তলী চক্ষু হাসপাতাল।
জানা গেছে, অরবিস প্রতিদিন ৮-১০টি অস্ত্রোপচার করছে। এবার সব মিলিয়ে সাত-আটটি কর্নিয়াও প্রতিস্থাপন করা হবে। অরবিসের চিকিৎসকেরা অরবিস ছাড়াও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, পাহাড়তলী চক্ষু হাসপাতাল, নার্সিং ইনস্টিটিউটসহ বিভিন্ন হাসপাতালে প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করবেন।