আমারহেলথ (৪ আগস্ট, বৃহস্পতিবার): বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেন, এনজিওর প্রতি দেশের মানুষের বিশ্বাস উঠে যাচ্ছে। দেশে বিদ্যমান এনজিওগুলোর সুদের হারে কোনো সমতা না থাকায় তারা যে যার মতো করে গ্রাহকদের থেকে সুদ গ্রহণ করছে। অনেক ক্ষেত্রে প্রান্তিক উদ্যোক্তারা তাদের সর্বস্ব দিয়ে সুদ প্রদান করছেন।
এ খাতে বিশৃঙ্খলা ঠেকাতে এনজিওগুলোকে ঋণ বিতরণ, আদায় এবং সুদের হার নির্ণয়ের ক্ষেত্রে একটি সমতা আনার আহবান জানান তিনি।
বুধবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি আয়োজিত ক্ষুদ্র ঋণের কার্যকর সুদের হারের বিষয়ে নীতিমালা সুপারিশ সংক্রান্ত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। কর্মশালায় অর্থনীতিবিদ ড. কাজী খলিকুজ্জামান সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে কৃষি ব্যাংকের চেয়ারম্যান খন্দকার ইব্রাহীম খালেদ ও বিভিন্ন এনজিওর উর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
ড. আতিউর রহমান বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজের কথা উল্লেখ করে বলেন, আজ থেকে বাংলাদেশ ব্যাংক পরীক্ষামূলক অটোমেটেড ক্লিয়ারিং হাউজ চালু করেছে। আগামী ১ থেকে ২ মাসের মধ্যে সারাদেশে এ পদ্ধতি চালু করা হবে। এ পদ্ধতি চালু হলে ব্যাংকিং খাতে লেনদেন করতে কোনো ধরনের ঝামেলা থাকবে না।
|