ইমান উদ্দিন ইমন:
আমারহেলথ (১০ অক্টোবর, রবিবার): আজ ১০ অক্টোবর বিশ্ব মানসিক দিবস। দেশে মানসিক রোগীর সংখ্যা বাড়তে থাকলেও এখনো পর্যাপ্ত চিকিৎসাব্যবস্থা গড়ে ওঠেনি। তথ্য অনুসন্ধানে জানা গেছে, প্রতি ১৫ লাখ মানসিক রোগীর জন্য চিকিৎসক আছেন একজনেরও কম। সরকারি হাসপাতালে এক লাখ ৭২ হাজার মানসিক রোগীর বিপরীতে শয্যা আছে একটি। বিষণ্নতা ও আত্মহত্যার মতো ঘটনা বেড়ে চললেও ব্যবস্থার উন্নয়নে সরকারি উদাসীনতায় চিকিৎসকরা নাখোশ রয়েছেন।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী বলেন, 'দেশে যে সংখ্যক মানসিক রোগী আছে তার খুব সামান্য অংশকে আমরা চিকিৎসাসেবা দিতে পারছি। আমাদের অনেক সীমাবদ্ধতা নিয়ে কাজ করতে হচ্ছে। মানসিক স্বাস্থ্য উন্নয়নের জন্য হাসপাতালগুলোতে শয্যা, চিকিৎসক, নার্স, সাইকিয়াট্রিস্টের সংখ্যা বাড়ানো প্রয়োজন। কিন্তু মানসিক স্বাস্থ্য খাতে বাজেট মাত্র দশমিক ৪৪ শতাংশ। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাকেও এগিয়ে আসতে হবে।'
২০০৫ সালের বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের জরিপ অনুযায়ী, ১৮ বছর বয়সের ঊর্ধ্বে মোট জনসংখ্যার ৪ দশমিক ৬ শতাংশই সিভিয়ার ডিপ্রেশন বা অতিমাত্রায় বিষণ্নতায় ভুগছে। দেশে এ ধরনের রোগীর সংখ্যা প্রায় ৬৪ লাখ।
বিশেষজ্ঞরা বলছেন, বিষণ্নতা থেকে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। মনোরোগ বিশেষজ্ঞ ডা. মোহিত কামাল বলেন, অতিমাত্রায় বিষণ্নতা থেকে আত্মত্যার প্রবণতা বাড়ছে। এই রোগে ভুগলে বাস্তবতার সঙ্গে রোগীর সম্পর্ক ছিন্ন হয়ে যায়। ব্রেনে 'সেরোটোনিন' ও 'নরএড্রিনালিন'-এ দুটি জৈব রাসায়নিক পদার্থের মাত্রা কমে যায়। তখনই আত্মহত্যার ইচ্ছা জাগে। তিনি বলেন, 'আমাদের সবাইকে আত্মহত্যার বিরুদ্ধে প্রচারণা চালাতে হবে। আত্মহত্যাকে এমনভাবে প্রচার করতে হবে যেন, আত্মহত্যার ঝুঁকিতে যারা আছে তারা যেন উৎসাহিত না হয়। আত্মহত্যাকে হিরোইজম করা হলে যারা ঝুঁকিতে আছে, তারাও আত্মহত্যায় উদ্বুদ্ধ হয়ে যেতে পারে। পারিবারিক ও সামাজিক অবক্ষয়, নারী নির্যাতনের সামাজিক চিকিৎসা দরকার। আত্মহত্যা যে কারণে করছে, সেই কারণটাকে খুঁজে বের করে তা দূর করতে হবে। কিন্তু বাস্তবে মানসিক স্বাস্থ্যসেবার চিত্র বড় করুণ।' বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, প্রতি ১৫ লাখ মানসিক রোগীর জন্য চিকিৎসক একজনেরও কম। হাসপাতালে গড়ে প্রতি এক লাখ ৭২ হাজার মানসিক রোগীর জন্য একটি শয্যা রয়েছে।
|