দেশের সব খবর আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যালস আমার বিনোদন বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার

মাতৃত্বকালীন ছুটি চার মাস থেকে ছয় মাস হলো

আমারহেলথ (১১জানুয়ারী, মঙ্গলবার): সরকারি কর্মজীবী নারীরা এখন থেকে মাতৃত্বকালীন ছুটি ছয় মাস পাবেন। আগে তাঁরা ছুটি পেতেন চার মাস।
মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অণুবিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন এ বিভাগের অতিরিক্ত সচিব ইমদাদুল হক।
প্রজ্ঞাপনটি মঙ্গলবার জারি হলেও এটি ৯ জানুয়ারি থেকে কার্যকর হবে।
একজন সরকারি নারী কর্মজীবী তাঁর পুরো চাকরি জীবনে এ সুযোগ সর্বোচ্চ দুবার পাবেন। সরকারি চাকরি বিধি (পার্ট-১) ১৯৭ ধারার উপধারা ১ সংশোধন করে এ বিধান করা হলো। 
২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুকে ছয় মাস পর্যন্ত মায়ের দুধ খাওয়ানো (এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং) এবং শিশুর সার্বিক পরিচর্যার জন্য মাতৃত্বকালীন ছুটি বাড়ানোর প্রতিশ্রুতি দেন। গত ৭ ডিসেম্বর অর্থ বিভাগ থেকে এ বিষয়টিতে প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়। চলতি বছরের জুন মাসে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব বরাবর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য একটি চিঠি পাঠায়।
এতে উল্লেখ করা হয়, মাতৃত্বকালীন ছুটির মেয়াদ বাড়ানোর ফলে অতিরিক্ত কোনো আর্থিক সংশ্লেষ হবে না। 
সরকারি চাকরি বিধি (পার্ট-১)-এর রুল ১৯৭-এর উপধারা (১) অনুসারে সরকারি নারী কর্মকর্তা ও কর্মচারীরা বেতন ও অন্যান্য ভাতাসহ চার মাস মাতৃত্বকালীন ছুটি পেতেন। বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ১৩৩ ও ১৪০ (২)(গ)-এর বিধান মতে, মাতৃত্বকালীন ছুটির মেয়াদ বাড়ানোর জন্য সাব-রুল সংশোধনীতে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের পরামর্শসহ রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন ছিল। সে পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সাব-রুল সংশোধনের প্রস্তাবে প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটি এবং বাংলাদেশ সরকারি কর্মকমিশন বিষয়টিতে অনুমোদন দেয়। এরপর প্রচলিত নিয়মানুযায়ী, সংশ্লিষ্ট সাব-রুল সংশোধনীর প্রজ্ঞাপনের খসড়ায় লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং গ্রহণ করা হয়। 
তবে শুধু সরকারি নারী কর্মজীবীরা ছয় মাস মাতৃত্বকালীন ছুটি কাটাতে পারবেন। বেসরকারি প্রতিষ্ঠানের জন্য বিষয়টি বাধ্যতামূলক নয়।