দেশের সব খবর আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যালস আমার বিনোদন বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার

জলবায়ু পরিবর্তনের প্রভাবে রোগব্যাধি বাড়ছে : কার্যকর পদক্ষেপের অভাব

জাফর সাদেক শিবলী
আমারহেলথ (১৩ নভেম্বর, শনিবার) : দেশে কি কি  রোগ ছড়াচ্ছে ও কোন ধরনের রোগের ঝুঁকি বেশি এর ওপর গবেষণা প্রতিবেদন তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। ডায়রিয়া, কলেরা, ডেঙ্গু, ম্যালেরিয়া, উচ্চ রক্তচাপ, ফাইলেরিয়া, প্রাকৃতিক বিপর্যয়ে আঘাত, কালাজ্বর এ আটটি রোগ প্রাথমিক পর্যায়ে চিহ্নিত করে প্রতিবেদনটি তৈরি হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় এ প্রতিবেদন তৈরির কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে। সরকারের এ প্রতিবেদন তৈরি করছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের গবেষণা মতে, চিহ্নিত আটটি রোগে গত ১০ বছরে দেশে আক্রান্তের সংখ্যা অন্য যে কোনো সময়ের তুলনায় বেশি। আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। আইইডিসিআর ও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ-এর (আইসিডিডিআরবি) যৌথ গবেষণা প্রতিবেদনে বলা হয়, গত ১০ বছর ধরে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত তিন বছর ধরে বছরে গড়ে ২৫ লাখের বেশি লোক এতে আক্রান্ত হচ্ছে। প্রতি বছর মারা যাচ্ছে ৬৮ হাজার লোক।
স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের তথ্যানুযায়ী, গত ১০ বছরে প্রায় ৫০ লাখ লোক ফাইলেরিয়ায় আক্রান্ত হয়। একই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ২৫ হাজারের বেশি।
অধিদফতরের প্রকাশিত ‘হেলথ বুলেটিন-২০০৯’ অনুযায়ী ‘দেশের প্রায় ১ কোটি লোক ম্যালেরিয়ার জীবাণু বহন করছে।’
আইসিডিডিআরবি’র বৈজ্ঞানিক কর্মকর্তা, রোগ গবেষক ডা. শাহাদাত্ হোসেনের মতে, ‘আবহাওয়ার অস্বাভাবিক পরিবর্তনে বিভিন্ন সংক্রামক রোগ গত ১০ বছর ধরে বাড়ছে। এ সময়ের মধ্যে রোগগুলোতে আক্রান্তের মোট হিসাব তাই বলছে।’
অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক তাপমাত্রা বদলের প্রভাবে পৃথিবীর যেসব দেশ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে, এর মধ্যে বাংলাদেশের অবস্থান শীর্ষে।
গত ১৯ অক্টোবর যুক্তরাজ্যের প্রতিষ্ঠান ম্যাপলক্রফটের ‘দ্য ক্লাইমেট চেঞ্জ ভালনারেবলিটি ইনডেক্স’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের ১৭০টি দেশের মধ্যে প্রাকৃতিক দুর্যোগ ও স্বাস্থ্য সমস্যার সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানা যায়, এ মাসের শেষে জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলা বিষয়ে মেক্সিকোর কানকুনে ‘কাপ-১৬’ সভা অনুষ্ঠিত হওয়ার কথা। সরকার ওই সভায় আগামী ১০ বছরের স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ১৪ হাজার কোটি টাকার বেশি সহায়তা চাইবে। এ লক্ষ্যে প্রস্তুতি নেয়া হচ্ছে।
জানা যায়, জলবায়ু পরিবর্তনে বিস্তার ঘটা রোগের ওপর প্রতিবেদন তৈরির জন্য ডা. মাহমুদুর রহমানকে প্রধান অনুসন্ধানকারী, আইইডিসিআর’র ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এম মুশতাক হোসেনকে প্রধান সমন্বয়কারী করে ১০ সদস্যের একটি কমিটি গঠিত হয়। আগামী বছরের জুনের মধ্যে প্রতিবেদন তৈরি সম্ভব হবে বলে মনে করছেন কমিটির সদস্যরা। প্রতিবেদন তৈরিতে বিশেষজ্ঞ চিকিত্সক, স্বাস্থ্য সংগঠনের নেতা ও বিভিন্ন মন্ত্রণালয়ের পরামর্শ-সহযোগিতা নেয়া হবে।