আমারহেলথ (১৬ জানুয়ারী, রবিবার): মতলব দক্ষিণ ও উত্তর উপজেলাসহ চাঁদপুর জেলা সদর ও আশপাশের উপজেলাগুলোতে শিশুদের মধ্যে ব্যাপক হারে রোটা ভাইরাসজনিত ডায়রিয়া ছড়িয়ে পড়েছে। গত ১৫ দিনে এসব এলাকার প্রায় এক হাজার ২০০ শিশুকে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআর’বির) মতলব শাখায় ভর্তি করা হয়েছে। তীব্র শীতের কারণে এ রোগ দেখা দিয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
আইসিডিডিআর’বি মতলব শাখা কার্যালয় সূত্রে জানা যায়, ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত ১৫ দিনে ডায়রিয়ায় আক্রান্ত এক হাজার ২৩২টি শিশুকে কেন্দ্রে ভর্তি করা হয়েছে। গড়ে প্রতিদিন ভর্তি হচ্ছে ৮২ জনেরও বেশি, যা অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে।
সূত্রটি বলেছে, বর্তমানে যে হারে রোগী ভর্তি হচ্ছে তা বছরের স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণেরও বেশি।
আইসিডিডিআর’বি সূত্র জানায়, গত ১৫ দিনে চাঁদপুর সদরের ১৫০, ফরিদগঞ্জের ১৪৩, হাজীগঞ্জের ১২০, কচুয়ার ৯৪, শাহরাস্তির ৮৪, মতলব উত্তরের ৭০ ও মতলব দক্ষিণের ৭৫ জন আক্রান্ত শিশু কেন্দ্রে ভর্তি হয়েছে। বাকিরা লক্ষীপুর, কুমিল্লা ও চাঁদপুরের হাইমচর এলাকার।
শনিবার সরেজমিনে আইসিডিডিআর’বিতে গিয়ে দেখা যায়, সেখানকার আন্তবিভাগ ও বহির্বিভাগ ডায়রিয়ায় আক্রান্ত রোগীতে ঠাসা। তাদের বেশির ভাগই শিশু। হাজীগঞ্জ উপজেলা থেকে আসা এক বছর বয়সী শিশু সিনহার মা আঁখি বেগম জানান, সিনহাকে ১৩ জানুয়ারি ভর্তি করানো হয়েছে। এখন অনেকটা ভালোর দিকে।
কেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা চন্দ্রশেখর দাস জানান, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় তীব্র শীতে শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। এটাকে রোটা ভাইরাসজনিত ডায়রিয়া বলা হয়। তিনি বলেন, ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের গ্লুকোজ, সুজি, স্যালাইন ও বেবিজিংক দেওয়া হচ্ছে। এ ছাড়া শিশুদের ঘন ঘন বুকের দুধ খাওয়াতে মায়েদের পরামর্শ দেওয়া হয়েছে
|