আমারহেলথ (২১জুলাই, বুধবার): জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রতিবন্ধীদের বৈষম্যের শিকার হতে হয়। বেশিরভাগ সময় দৃষ্টিভঙ্গির কারণে তাদের অবহেলা করা হয়। কিন্তু প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। বৈষম্যহীন সমাজ বিনির্মাণে প্রতিবন্ধীদের সামাজিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আর এ কাজটি সম্পন্ন করতে এ দেশের ছাত্রসমাজকেই প্রধান ভূমিকা পালন করতে হবে।
মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত ‘প্রতিবন্ধীতা বিষয়ক জনসচেতনতা সৃষ্টিতে ছাত্রসমাজের ভূমিকা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।
গোলটেবিলে বক্তারা বলেন, মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে সকলের পাশাপাশি গণমাধ্যমের ভূমিকাও অনেক গুরুত্বপূর্ণ। গণমাধ্যমে এ বিষয়ে কোনো প্রচারণা দেখা যাচ্ছে না। প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে শুধু আইন দিয়েই সম্ভব নয়, বরং এ ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। আমাদের সংবিধানে অনেক বিষয়ে আলোচনা থাকলেও প্রতিবন্ধীদের নিয়ে একটি কথাও নেই।
বৈঠকে বক্তব্য দেন পক্ষাঘাতগ্রস্ত পুনর্বাসন কেন্দ্রের পরিচালক ভ্যালেরি এ টেইলর, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. শারমিন হক, সুপ্রিম কোর্টের এডভোকেট ব্যারিস্টার নাসের আলম, এডভোকেট খন্দকার শাহরিয়ার, পিডিএফের পরিচালক মিজানুর রহমান কিরণ প্রমুখ।
ফিজিক্যালি-চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী সংগঠনের একশর বেশি শিক্ষার্থী-প্রতিনিধি অংশগ্রহণ করেন।
|