০৫ জুলাই, আমারহেলথ: বেসরকারি মোবাইল কোম্পানী সিটিসেল সম্প্রতি পরিবেশ রক্ষার্থে মাদকাসক্তি পুণর্বাসন সংস্থা ক্রিয়া’র সাথে একযোগে কাজ করার ঘোষণা দিয়েছে। ক্রিয়া রিহ্যাবিলিটেশন সেন্টারের ক্লায়েন্টদের পুরনো সংবাদপত্র দিয়ে কাগজের ব্যাগ তৈরি করতে প্রশিক্ষণ দেবে সিটিসেল।
রবিবার মহাখালীতে অবস্থিত সিটিসেলের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানের চিফ মার্কেটিং অফিসার কাফিল এইচ এস মুঈদ ক্রিয়ার সিইও তরুন কান্তি গায়েনের সাথে এ ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
ক্রিয়ার সার্ভিসের মধ্যে উল্লেখযোগ্য হলো, বাংলাদেশের মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন এবং বিভিন্ন বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া। সিটিসেলও পরিবেশ রক্ষার্থে এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিয়োজিত রয়েছে। এ জন্য সিটিসেল ক্রিয়াকে পুরনো সংবাদপত্র দিয়েছে, যা কাগজের ব্যাগ তৈরিতে ব্যবহৃত হবে।
মাদকাসক্তদের যারা সুস্থ হয়েছে, তারা এই কাগজের ব্যাগ তৈরির কাজ করবে। সমাজের অবহেলিত পর্যায় থেকে পুনরায় সুস্থ এবং সম্মানজনক জীবনে তাদের ফিরিয়ে আনার লক্ষ্যে এ উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে।
|