আমারহেলথ (০৬ সেপ্টেম্বর, বুধবার): দেশের প্রায় ২৪ শতাংশ রোগই পানিবাহিত এবং এসব রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। বাংলাদেশের পাঁচ বছরের কম বয়সী প্রায় এক লাখ ১০ হাজার শিশু প্রতি বছর পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। নির্ভরযোগ্য বিভিন্ন সমীক্ষায় এ তথ্য পাওয়া গেছে।
বিশেষজ্ঞরা বলেছেন, ‘আমরা পানির অপচয় করছি। আবার আমাদের পানি এতটাই দূষিত যা মানুষের ব্যবহারের অযোগ্য হয়ে উঠেছে।’ তাঁদের মতে, বিশুদ্ধ পানির প্রয়োজনীয়তাকে গুরুত্বের সঙ্গে না নেওয়ার কারণে বাংলাদেশের ভবিষ্যৎ ভয়ঙ্কর ঝুঁকির সম্মুখীন। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের (এমডিজি) সাত নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে, ২০১৫ সালের মধ্যে বিশুদ্ধ পানি ও যথাযথ স্যানিটেশনের ক্ষেত্রে অভাবগ্রস্ত জনসংখ্যা অর্ধেকে কমিয়ে আনতে হবে, কিন্তু এমডিজি অনুযায়ী বাংলাদেশে শহরের স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করাটাই অন্যতম প্রধান চ্যালেঞ্জ। ১৯৯০ সাল থেকে ২০০৫ সালের মধ্যে গ্রামে যথাযথ স্যানিটেশন ব্যবস্থা ১১ থেকে ৬৯ শতাংশে উন্নীত হয়। অন্যদিকে একই সময় শহরে তা হয় ৭১ থেকে ৭৬ শতাংশে।
বিশেষজ্ঞরা বলেছেন, বিশুদ্ধ পানির সঙ্কট মোকাবিলায় সরকারের পাশাপাশি আমাদের সবাইকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। শুধু পানি ফুটিয়ে পান করাই একমাত্র উপায় নয়। প্রয়োজন একটি মৌলিক ও কার্যকর পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া। এ জন্য প্রতিটি পরিবারকে সচেতন করতে হবে অনিরাপদ পানির উৎস ও পানি বিশুদ্ধকরণের প্রয়োজনীয়তা সম্পর্কে।
|