দেশের সব খবর আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যালস আমার বিনোদন বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার

ইন্টারনেটে স্বাস্থ্যসেবা নিয়ে আসছে ব্র্যাকের সহযোগী প্রতিষ্ঠান ব্র্যাকনেট

স্টাফ রিপোর্টার: ইন্টারনেটের মাধ্যমে সারা দেশে স্বাস্থ্যসবা ও শিক্ষার প্রসারে বেশ কিছু উদ্যোগ নিচ্ছে ব্র্যাকের সহযোগী প্রতিষ্ঠান ব্র্যাকনেট। ১০ মার্চ রাজধানী ঢাকার স্থানীয় একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে কর্মসূচীর  ঘোষণা দেন ব্র্যাকের চেয়ারম্যান ফজলে হাসান আবেদ।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তির সুফল বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে ইন্টারনেটে স্বাস্থ্যসেবার পাশাপাশি স্কুলগুলোতে ইন্টারনেটে শিক্ষাদানের ব্যবস্থাও করা হবে।

তিনি আরো বলেন, 'দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের ইন্টারনেটের মাধ্যমে মানসম্পন্ন শিক্ষা কার্যক্রম পরিচালনা করে শহর ও গ্রামের শিক্ষার্থীদের মধ্যকার বৈষম্য দূর করা সম্ভব।

ব্র্যাকনেট ও জাপানের দ্বিতীয় বৃহত্তম টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান কেডিডিআই করপোরেশন যৌথভাবে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নয়নে কাজ করবে। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব স্কুলে ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে কাজ করে চলেছে প্রতিষ্ঠানটি। কেডিডিআই প্রেসিডেন্ট ও চেয়ারম্যান তাদাসি ওনোদেরা বলেন, কেডিডিআই ইতোপূর্বে ইন্টারনেটে বিভিন্ন উন্নয়নশীল দেশে স্বাস্থ্য সেবায় ব্যাপক সফলতা পেয়েছে। ই-স্বাস্থ্যসেবার মাধ্যমে গ্রামের দরিদ্র মানুষ আধুনিক স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ আবদুস সামাদ, অ্যালায়েন্স ফোরাম ফাউন্ডেশন ও ডেফটা পার্টনার্স এলএলসির চেয়ারম্যান জর্জ হারা, ব্র্যাকনেটের চেয়ারম্যান আবদুল মূয়ীদ চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুর রব। ব্র্যাকের সহযোগী প্রতিষ্ঠান ব্র্যাক বিডি মেইল নেটওয়ার্ক লিমিটেড (ব্র্যাকনেট) দেশের অন্যতম আইএসপি প্রতিষ্ঠান।