আমারহেলথ (০২ অক্টোবর, শনিবার): মাদকাসক্তদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে পারিবারিক ও সামাজিক সহযোগিতা জরুরি। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে উদ্যোগী হওয়া জরুরী
মানিকগঞ্জের সিঙ্গাইরে আসক্তি পুনর্বাসন নিবাসের (আপন) ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বেলা তিনটায় সিঙ্গাইরের জাইল্যা গ্রামে নিবাস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রথম আলো ট্রাস্টের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান।
অন্যদের মধ্যে সিআরপির প্রতিষ্ঠাতা ভেলরি টেইলর, ফ্যামিলি হেলথ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর মিস্টি মেক ওয়েল, বিশিষ্ট মনোরোগবিশেষজ্ঞ মোহিত কামাল ও সিঙ্গাইর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুস সালাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেরদৌস কামাল উদ্দিন মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান আজিজ খান বলেন, ‘মাদকাসক্তরা খারাপ বা পাগল নয়। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার হলেও মাদকাসক্তদের প্রতি নেতিবাচক মনোভাবের কারণে তাঁদের চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম এখনো অবহেলিত।’ তিনি আরও বলেন, ‘এ দেশের যুবসমাজকে মাদকমুক্ত জীবনে ফিরিয়ে আনতে হলে আমাদের আরও উদ্যোগী হতে হবে। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।’
সাইদুজ্জামান রওশন বলেন, একজন মাদকাসক্ত ব্যক্তির পক্ষে মাদকমুক্ত সুস্থ জীবন পরিচালনা করা সহজ নয়। এ জন্য প্রয়োজন তাঁর ইচ্ছাশক্তি আর পারিবারিক ও সামাজিক সহযোগিতা। এ কাজটি করার জন্য আপন একটি মহৎ উদ্যোগ গ্রহণ করেছে।
ফেরদৌস ফয়সাল বলেন, মাদকের প্রতি তরুণদের আকৃষ্ট হওয়ার কারণগুলোর মধ্যে বন্ধুদের প্ররোচনা ও দারিদ্র্য অন্যতম।
আপনের নির্বাহী পরিচালক রোনাল্ড ড্রাহোজাল অনুষ্ঠানে আপনের কার্যক্রমের বিবরণ তুলে ধরেন।
তিনি জানান, আপনের কার্যক্রম শুরু হয় ১৯৯৪ সাল থেকে। তখন থেকেই মাদকাসক্তদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আপন। বর্তমানে এখানে ১৩২ জন পুরুষ ও আটজন নারীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। শুরু থেকে এ পর্যন্ত দেড় হাজার পুরুষ, ১০০ জন নারী ও ৩০০ শিশুকে দীর্ঘমেয়াদি চিকিৎসার পর পুনর্বাসন করা হয়েছে। চলতি বছরও চিকিৎসার পর নয়জনকে সুস্থতার সনদ দেওয়া হয়। আলোচনা শেষে নিবাসে চিকিৎসাধীন ব্যক্তিদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। |