দেশের সব খবর আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যালস আমার বিনোদন বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার

১৫ মার্চ থেকে দেশে আদমশুমারি শুরু হচ্ছে

আমারহেলথ (১৭ ফেব্রুয়ারী, বৃহস্পতিবার): আগামী ১৫ মার্চ থেকে দেশে শুরু হচ্ছে আদমশুমারি। ৫ দিনব্যাপী আদম শুমারী চলবে ১৯ মার্চ পর্যন্ত।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানানো হয়। কর্মশালায় আরো জানানো হয় যে, বঙ্গোপসাগর এবং সুন্দরবনেও এবার আদমশুমারি কার্যক্রম পরিচালনা করা হবে। এজন্য বিশেষ একটি দল কাজ শুরু করবে। 
চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শামছুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান। শামছুল আলম চৌধুরী জানান, এবার আদমশুমারি কার্যক্রম পরিচালনার জন্য সারা দেশে প্রায় চার লাখ লোক কাজ করবেন। এদের মধ্যে জেলা জরিপ সমন্বয়কারী ১৩০ জন, থানা জরিপ সমন্বয়কারী ৫শ ৩০ জন, আঞ্চলিক কর্মকর্তা ২ হাজার ৭শ জন, সুপারভাইজার ৫০ হাজার ও তথ্য সংগ্রহকারী ৩ লাখ ১০ হাজার।
আগামী ১৫ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত মূল গণনা চলবে। ১৫ মার্চ রাতে যে ব্যক্তি যেখানে থাকবেন তাকে সেখানেই গণনা করা হবে উল্লেখ করে বলা হয় দ্বৈত অন্তর্ভুক্তি পরিহার করতে রাতে গণনার সময় পরিবারের অনুপস্থিত সদস্যদের বিষয়ে এবং আগে গণনা হয়েছে কিনা এমন বিষয়গুলো জানতে চাওয়া হবে।
তিনি বলেন, বিভিন্ন জনবহুল এলাকা বিশেষ করে হাসপাতাল, রেলস্টেশন, বিমানবন্দর, সেনানিবাসেও গণনা কার্যক্রম পরিচালনা করা হবে। সমুদ্র ও সুন্দরবনে বিশেষ গণনাকারী টিম থাকবে। সুষ্ঠু ও সুন্দর এবং নির্ভুলভাবে আদমশুমারি কার্যক্রম পরিচালনার জন্য বৃহত্তর চট্টগ্রামের সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা প্রশাসক, পুলিশ, নৌবাহিনী, মিডিয়া প্রতিনিধি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।