আমারহেলথ (১২ ফেব্রুয়ারী, শনিবার): সারা দেশে ১৯তম জাতীয় টিকা দিবসের দ্বিতীয় রাউন্ড আজ পালিত হয়েছে। বাংলাদেশকে পোলিও মুক্ত রাখতে এ দিবসটি সরকারি ভাবে পালন করা হয়। শূন্য থেকে পাঁচ বছর বয়সী সকল শিশুকে ২ ফোঁটা করে পোলিও টিকা খাওয়ানো হয়েছে। এ কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে।
এর আগে গত ৮ জানুয়ারি টিকা দিবস প্রথম রাউন্ড পালিত হয়।
পাশাপাশি দুই থেকে ৫ বছরের কমবয়সী এক কোটি ৮০ লাখ শিশুকে একটি করে কৃমিনাশক বড়ি খাওয়ানো হয়েছে।
জানা গেছে, এবার মোট ১ লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্রে শিশুদের টিকা খাওয়ানো হয়েছে। এছাড়া বাস টার্মিনাল, রেলস্টেশন, লঞ্চঘাট, বস্তি এলাকায় ২০ হাজার ভ্রাম্যমাণ কর্মী শিশুদের টিকা খাওয়ানো কাজে নিয়োজিত ছিলেন। দেশের দুর্গম ও পাহাড়ি এলাকায় হেলিকপ্টার ও ওয়াটার এম্বুলেন্স যোগে টিকা পৌঁছে দেয়া হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৯তম জাতীয় টিকা দিবসের প্রথম ও দ্বিতীয় রাউন্ডে শূন্য থেকে পাঁচ বছরের কমবয়সী ২ কোটি ২০ লাখ শিশুকে ২ ফোঁটা করে পোলিও টিকা খাওয়ানো হয়েছে। |