স্টাফ রিপোর্টার: বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. মার্গারেট চ্যান প্রধানমন্ত্রীর আমন্ত্রণে দু’দিনের সফরে বাংলাদেশে এসেছেন। এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানযোগে তিনি রোববার বিকেলে ঢাকায় পৌঁছান। এ সময় তাকে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. মজিবুর রহমান ফকির। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক শাহ মনির হোসেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব সৈয়দ ওমর খৈয়াম এবং বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ড. দুয়াংভেদী সাংকোবলও সেখানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশের ভ্যাকসিন উৎপাদনে যোগ্যতা অর্জন করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্বিক সহযোগিতা, কমিউনিটি ক্লিনিকসমূহ কার্যকরভাবে চালু করা, জরুরি চিকিৎসা সেবার উন্নয়ন, জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যের ওপর এর বিরূপ প্রভাব কমানো সহ স্বাস্থ্যের ওপর কমিউনিটি পর্যায়ে ক্ষুদ্রঋণ কার্যক্রমের প্রভাব এগুলো নিয়ে বিশ্বস্বাস্থ্য সংস্থা মহাসচিব আলোচনা করবেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ৮ মার্চ যশোরের চৌগাছা এবং সাতক্ষীরার আশাশুনি পরিদর্শন করেন। এরপর চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সকাল সাড়ে এগারোটায় হাজরাখানা কমিউনিটি ক্লিনিক এবং দুপুর সোয়া বারোটায় পেতভাড়া গ্রামে ব্র্যাকের ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিদর্শন করেন। দিন শেষে দুপুরে সাতক্ষীরা জেলার আশাশুনি পৌঁছে সেখানে স্পিডবোটে চড়ে ঘূর্ণিঝড় আইলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
ড. মার্গারেট চ্যান ৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনির সাথে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। এ সময় তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য খাতে সহযোগীতার পাশাপাশি আগামী বছর জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা আয়োজিত ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানাবেন। তাছাড়া আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্রের কার্যক্রম পরিদর্শনের কথাও রয়েছে।
|