আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যাল আমার বিনোদন হেলথ এনজিও বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার হসপিটাল মেডিকেল কলেজ

বিশুদ্ধ পানি সরবরাহের পদক্ষেপ নিতে সরকারের প্রতি হাইকোর্টের রুল

১৬.০৩.২০১০
নাজিবুল্লাহ:
বিশুদ্ধ ও জীবাণুমুক্ত পানি সরবরাহের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে ঢাকা সিটি করপোরেশনকে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে সরকার ও সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট। এ ছাড়া রাজধানীর আজিমপুর, ধানমন্ডি, লালবাগ, বনানী, হাতিরপুল, খিলগাঁও, ইস্কাটন ও মালিবাগ এলাকা থেকে ওয়াসার সরবরাহকৃত পানি বিজ্ঞান গবেষণাগারে পরীক্ষা করে দুই সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এসময় পানি বিশুদ্ধ করার ক্ষেত্রে ক্লোরিনের পরিবর্তে কেন পার ম্যাংগানেট ব্যবহারের নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। একই সাথে আদালত আগামী দুই সপ্তাহের মধ্যে স্থানীয় সরকারের সচিব, বিএসটিআইর চেয়ারম্যান, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, বিসিএফআইয়ের চেয়ারম্যান ও ঢাকা সিটি করপোরেশনের মেয়রকে রুলের জবাব দিতে বলা হয়। ওয়াসার সরবরাহকৃত পানিতে ক্যান্সারের উপাদান টিএইচএম (ট্রাই হ্যালোমেথেন) আছে কি না তা পরীক্ষা করে চার সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য স্থানীয় সরকার সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।
১৫ মার্চ দুপুরে বিচারপতি মো. মমতাজউদ্দিন আহমেদ ও নাইমা হায়দারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ঢাকাবাসীদের জন্য বিশুদ্ধ ও জীবাণুমুক্ত পানি সরবরাহের নির্দেশনা চেয়ে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান ‌‌‌‌রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ এর করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।
ঢাকার বিভিন্ন স্থানে চলমান বিশুদ্ধ পানির সংকটের কারণে হিউম্যান ‌‌‌‌রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ গত ১৪ মার্চ হাইকোর্টে রিটটি দায়ের করে।