বিগত ২০ বছরে দেশে চাল, ডাল, তেল, লবনসহ নিত্য প্রয়োজনীয় সব পণ্যের দাম কয়েকগুণ বেড়েছে। কিন্তু মরণঘাতি পণ্য বিড়ি সিগারেটসহ তামাকজাত দ্রব্যের দাম বাড়েনি। ফলে দেশে দরিদ্র জনগণসহ তরুণ প্রজন্মের মধ্যে ধূমপানে হার বেড়ে চলেছে। দরিদ্র জনগণকে বিড়ি সেবনসহ তামাক সেবন থেকে দূরে রাখতে হলে বিড়িসহ সকল প্রকার তামাকজাত দ্রব্যের উপর কর বাড়াতে হবে।
গত ২৭ ফেব্রুয়ারী রোজ শুক্রবার মানবিক ও বাংলাদেশ তামাক বিরোধী জোট কতৃক শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এক প্রতীকী অবস্থান কর্মসূচীতে বক্তারা উপরোক্ত অভিমত ব্যক্ত করেন। মানবিক সভাপতি রফিকুল ইসলাম মিলনের সভাপতিত্বে ও প্রকল্প কর্মকর্তা মাসুদ রানার পরিচালনায় সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন প্রত্যাশা মাদক বিরোধী সংগঠনের সাধারণ সম্পাদক হেলাল আহমেদ, মানব উন্নয়ন সংস্থার পরিচালক শেখ রফিকুল ইসলাম, ডাব্লিউবিবি ট্রাস্ট এর প্রোগ্রাম ম্যানেজার সৈয়দ মাহবুবুল আলম তাহিন, সারডা’র নির্বাহী পরিচালক আরিফুর রহমান ভূইয়া মুরাদ প্রমুখ।
প্রতীকী অবস্থান কর্মসূচীতে সকল প্রকার তামাককে করের আওতায় আনা, বিড়ি-সিগারেটসহ সকল প্রকার তামাকের উপর প্রতিবছর কমপক্ষে ২০% কর বৃদ্ধি করা, বিড়ি, সিগারেটসহ সকল প্রকার তামাকের মূল্য বৃদ্ধি করা, বিড়ি-সিগারেটসহ তামাকজাত দ্রব্যের উপর কর বৃদ্ধির একটি নীতিমালা প্রণয়ন করার দাবি তুলে ধরা হয়।
প্রেস বিজ্ঞপ্তি: |